সিরাজগঞ্জে খালে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
পুলিশের ধারণা, কয়েকদিন আগে ওই যুবককে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে পানিতে ফেলা হয়েছিল।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার শড়াবাড়ি গ্রামে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের পাশে হেদার খালে মরদেহটি পাওয়া যায় বলে জানান তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শহিদুল বলেন, সকালে খালের পানিতে ওই যুবকের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
“পচে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তাকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে পানিতে ফেলা হয়েছিল।”
নিহতের পরিচয় এবং হত্যাকাণ্ডের কারণ উৎঘাটনের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
