গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যায় ৩ জনের ফাঁসি
তিনজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যবসায়ী লুৎফর মোল্লাকে হত্যায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাকসুদুর রহমান আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী আজগার আলী খান।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন- খুলনার দাকোপ উপজেলার আমতালা গ্রামের শফিউদ্দিন হাওলাদারের ছেলে মফিজুর রহমান ওরফে মফিজ হাওলাদার (৩২), গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের পান্নু শিকদারের ছেলে আব্দুল্লাহ শিকদার (১৯) এবং কুশলী গ্রামের মন্টু শিকদারের ছেলে সাজেদুল ইসলাম (২৩)।
মামলার বরাতে আইনজীবী আজগার বলেন, লুৎফর মোল্লা দীর্ঘদিন ধরে ব্যবসার জন্য বিভিন্ন জনকে টাকা ধার দিতেন। ২০২১ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে চা পান শেষে একই উপজেলার চরকুশলী গ্রামে পাওনা টাকা আদায় করতে যান তিনি।
“সেখান রাত ১০টার দিকে লুৎফরের মোবাইল ফোনে একটি কল আসে। তিনি ফোনে কথা বলতে বলতে হেঁটে বাড়ির দিকে রওনা হন। পথে সোলাইমান শিকদারের বাগানের কাছে পৌঁছলে কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
“কিছুক্ষণ পর স্থানীয় নিজামুল মোল্যা সড়কে লুৎফরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার ছেলে সজীব মোল্লাকে ফোনে বিষয়টি জানান। পরে সজিব পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার বাবাকে মৃত অবস্থায় পান।”
ঘটনার পরদিন সজীব বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি শেষে তিনজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান আইনজীবী আজগার।
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী সজিব মোল্লা বলেন, আশা করি উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।
রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মো. আবু সুফিয়ান।
