যদি দেখি নির্বাচন করার অবস্থা আছে তাহলে করব: জি এম কাদের
“যতদিন পর্যন্ত না ঘোষণা দিচ্ছি নির্বাচন বর্জন করছি, ততদিন পর্যন্ত প্রচার চলতেই থাকবে।”
আগামী জাতীয় সংসদ নির্বাচন করার মত পরিবেশ তৈরি হলে জাতীয় পার্টির সেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির (জাপা) দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সব আসনেই প্রার্থী দেবে। নির্বাচনের জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছি। এ কারণে আমরা সারাদেশে কাউন্সিলের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করছি।
জাপার চেয়ারম্যান আরও বলেন, “আমরা গাইবান্ধার প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা মনে করি, এক সময় জাতীয় পার্টির ঘাঁটি ছিল গাইবান্ধা, এখনও আছে। নির্বাচন সুষ্ঠু হলে পাঁচটি আসনই পুনরুদ্ধার করতে সক্ষম হব।
জি এম কাদের বলেন, “যদি দেখি নির্বাচন করার মত অবস্থা আছে, তখন নির্বাচন করব; না হলে পরবর্তীতে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেব। আমরা যতদিন পর্যন্ত না ঘোষণা দিচ্ছি নির্বাচন বর্জন করছি, ততদিন পর্যন্ত আমাদের প্রচার চলতেই থাকবে।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, নিত্যপণ্যের দামে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। অথচ সরকার উন্নয়নের গালগল্প শোনাচ্ছে।
“দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী। সরকারের ব্যর্থতাও বলা যায়। লাগামহীনভাবে কাজ করার কারণে সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দমন করতে ব্যর্থ হচ্ছে।”
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।
সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, “দেশ এখন আমলাদের হাতে বন্দি। আমলাতান্ত্রিক জটিলতায় মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি আরও বলেন, “বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করে দুর্নীতিবাজরা অবৈধভাবে অর্থ উপার্জন করে ফুলে-ফেঁপে উঠেছে। তারা বিদেশে অর্থ পাচার করে দেশকে প্রায় পঙ্গু বানিয়ে ফেলেছে।”
জেলা জাপার আহ্বায়ক আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে এবং সদস্যসচিব সরওয়ার হোসেন শাহীন ও রেজাউন্নবী রাজুর পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, অতিরিক্ত মহাসচিব (রংপুর) শামীম হায়দার পাটোয়ারী, চট্টগ্রাম বিভাগের জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া, সভাপতিমণ্ডলীর সদস্য জহিরুল ইসলাম জহির ও রানা মো. সোহেল।
