যুক্তরাষ্ট্রে শনিবার প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল অথবা দেরি হয়েছে: ট্র্যাকিং ওয়েবসাইট
বিমান চলাচল স্থগিত রাখার নির্দেশটি আগের দিনই তুলে নেওয়া হয়, কিন্তু এরপর থেকে শুরু হয় ব্যাপক বিশৃঙ্খলা ও ফ্লাইট জট।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) শুক্রবার সারা দেশে বিমান চলাচল বন্ধের নির্দেশ জারি করায় প্রায় পাঁচ ঘণ্টা ধরে অধিকাংশ উড়োজাহাজের যাত্রা স্থগিত থাকে। এর ফলে এদিন প্রায় ১০ হাজার ফ্লাইট বাতিল হওয়ার পর আরও সাত হাজারের বেশি ফ্লাইটটের যাত্রা বিলম্বিত হয়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় স্থানীয় সময় শনিবার বিকাল ৪টা ২২ মিনিট পর্যন্ত আরও প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে অভ্যন্তরীণ, যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার ও আগমণের সূচী থাকা ফ্লাইট রয়েছে।
রয়টার্স লিখেছে, শুক্রবার ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভ্রমণের জন্য অন্যতম বাজে দিন।
যার জেরে শনিবার যুক্তরাষ্ট্রের বড় এয়ারলাইন্সগুলো আরও ৩৮০৭টি ফ্লাইট বাতিল করেছে এবং ২১৪৫টি ফ্লাইটের সময়সূচী পিছিয়ে দিয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর দেশটিতে এটিই ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী দেশব্যাপী ফ্লাইট কার্যক্রম বন্ধের ঘটনা, যা কাটিয়ে ওঠার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
বিমান চলাচল স্থগিত রাখার নির্দেশটি শুক্রবারই রাতেই তুলে নেওয়া হয়, কিন্তু এরপর থেকে শুরু হয় ব্যাপক বিশৃঙ্খলা ও ফ্লাইট জট।
ফ্লাইটঅ্যাওয়ার এর তথ্য অনুযায়ী, ডেল্টা এয়ার লাইন্স, ইউনাইটেড এবং আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলের সংখ্যা সবচেয়ে বেশি, যথাক্রমে ৬৫২টি, ৫৫৩টি এবং ৫২০টি।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, শিকাগোর ও'হেয়ার, আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন এবং নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
এর ফলে এদিনও হাজার হাজার মানুষ দেশটির বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়ে আছেন। বহু মানুষ রাতে বিমানবন্দরেই ঘুমান। বিমানবন্দরগুলোতে সৃষ্ট জট কাটানোর চেষ্টা করছে বিমান সংস্থাগুলো। এই লক্ষ্যে তারা ফ্লাইট ক্রু ও অন্যান্য কর্মীদের যথাস্থানে নিয়োজিত করতে কাজ করে যাচ্ছে।
শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি বলেছেন, ‘তামার তার আধুনিকায়ন করার পরবর্তী একটি সমস্যার কারণে’ বিমান চলাচলে এ বিপর্যয় ঘটেছে।
শুক্রবারের ব্যাপক ফ্লাইট স্থগিতাদেশের আগে কী ঘটেছিল সে বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ডাফি ফের উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের একটি 'অবিশ্বাস্য রকমের পুরনো টেলিযোগাযোগ ব্যবস্থা' রয়েছে।
তিনি ব্যাখ্যা করে বলেন, প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান 'এল৩হ্যারিস' নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তামার তার (কপার ওয়্যার) থেকে ফাইবার অপটিকে রূপান্তরের রক্ষণাবেক্ষণ কাজ চলছিল।
তিনি বলেন, “তারটি এতোই পুরানো ছিল যে এর ব্যবহার বন্ধ করে দেওয়া হচ্ছিল। এই কাজটি বহু বছর ধরে চলে আসছে।”
ডাফি আরও জানান, এই সমস্যাটি এল৩হ্যারিসের পক্ষ থেকে 'অযোগ্যতার' কারণে সৃষ্টি হয়েছে নাকি কোনো ত্রুটিপূর্ণ সরঞ্জামের কারণে ঘটেছে, সরকার তা খতিয়ে দেখার চেষ্টা করছে।
তিনি জানান, যে রাউটারটিতে কাজ করা হচ্ছিল সেটি অতিরিক্ত তথ্যের চাপে অন্যান্য এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমগুলোকে অচল করতে শুরু করে, যা উড়োজাহাজের সঙ্গে যোগাযোগে সমস্যা তৈরি করে এবং নিরাপত্তার কারণে সরকারকে আকাশসীমা বন্ধ করে দিতে বাধ্য করে।
রাতে যখন আকাশে কম সংখ্যক ফ্লাইট থাকে, তার পরিবর্তে কেন দিনের বেলা তামার তারের সিস্টেমগুলো পরিবর্তন করা হচ্ছিল, সে বিষয়ে প্রশ্নে ডাফি বলেন, 'আমরা যদি এই আধুনিকায়নগুলো না করি, তবে আমাদের ব্যবস্থাটি কম নিরাপদ থেকে যাবে।'
তিনি জানান, দিনের বেলায় এই পরিবর্তনের কাজটি একটি দূরবর্তী স্থানে চলছিল। তবে বড় স্থাপনাগুলোতে এ ধরনের পরিবর্তনের কাজ রাতেই করা হয় এবং সেগুলোর প্রভাবও অনেক বড় হয়।
ডাফি বলেন, “দূরবর্তী ওই স্থানে এই পরিবর্তনের ফলে এমন প্রভাব পড়ার কথা ছিল না।”
তিনি আরও জানান, এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য নতুন অবকাঠামো নির্মিত না হওয়া পর্যন্ত সরকার পুরনো টেলিযোগাযোগ ঠিকাদার 'এল৩হ্যারিস' এর সঙ্গেই 'কাজ করবে', কারণ বিদ্যমান নেটওয়ার্কটির মালিকানা তাদের।
তিনি বলেন, “সমস্যা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আর বিমানগুলোকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে, কারণ আমরা নিরাপত্তার বিষয়টিকে ঠিক এতটাই গুরুত্ব দিয়ে থাকি। আমি চাই, অনেক ধরনের ভোগান্তি সত্ত্বেও শেষ পর্যন্ত মানুষ যেন নিরাপদে বাড়ি ফেরেন।”
এই বিভ্রাটের বিষয়ে এল৩হ্যারিস এখনো কোনো মন্তব্য করেনি।
