যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিঘ্ন রোববার রাত পর্যন্ত অব্যাহত থাকবে: এফএএ প্রধান
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, ইতোমধ্যে রোববারের ৮৭৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
যুক্তরাষ্ট্রে বিমান ভ্রমণ রোববার গভীর রাতের আগে স্বাভাবিক সূচীতে ফিরে আসার আশা করা হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এর প্রধান।
‘নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের ত্রুটির কারণে’ এফএএ শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ জারি করার পর দেশটিতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে অধিকাংশ উড়োজাহাজের যাত্রা স্থগিত থাকে। এতে দেশব্যাপী যে বিশৃঙ্খলা ও জট তৈরি হয়েছে তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শনিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত এয়ারলাইন্সগুলো ৬৪০০টিরও বেশি মার্কিন ফ্লাইট বাতিল করে আর আট হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়; ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
এর আগে শুক্রবার প্রায় ৯২০০ ফ্লাইট বাতিল আর ৭৫০০ ফ্লাইট বিলম্বিত হয়েছিল। ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, ইতোমধ্যে রোববারের ৮৭৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
এফএএ-র প্রধান ব্রায়ান বেডফোর্ড শনিবার জানিয়েছেন, তিনি আশা করছেন রোববার রাতের মধ্যে বিমান চলাচল ব্যবস্থা অনেকাংশে স্বাভাবিক হয়ে আসবে। তিনি উদ্ভূত পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন, এখন সিস্টেমটি স্থিতিশীল রয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর দেশটিতে এটিই ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী দেশব্যাপী ফ্লাইট কার্যক্রম বন্ধের ঘটনা।
বিস্তারিত আসছে…
