১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধের পেছনে ‘তামার তার বদলে ফাইবার বসানোর কাজের ত্রুটি’

এ ঘটনার পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন সরকার। তবে তদন্ত এখনো চলছে।

যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধের পেছনে ‘তামার তার বদলে ফাইবার বসানোর কাজের ত্রুটি’

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 01:19 PM

Updated : 15 Nov 2026, 01:19 PM

যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণ ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগব্যবস্থা আধুনিকায়নের কাজের সময় তৈরি হওয়া একটি ত্রুটি।

দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক কেবল বসানোর কাজ চলছিল। এ সময় একটি রাউটারে সমস্যা দেখা দেয়। সেটি থেকে অন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় অতিরিক্ত তথ্যপ্রবাহ তৈরি হয়, যার ফলে উড়োজাহাজের সঙ্গে যোগাযোগে বিঘ্ন ঘটে।

যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তার কথা বিবেচনা করে তখন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়োজাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডাফি বলেন, সরকার এখন খতিয়ে দেখছে, আধুনিকায়নের কাজ করা ঠিকাদারি কোম্পানির অদক্ষতার কারণে এ সমস্যা হয়েছে, নাকি যন্ত্রপাতির ত্রুটি ছিল।

এ ঘটনার পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন সরকার। তবে তদন্ত এখনো চলছে।

বিবিসি লিখেছে, গত শুক্রবার আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট ওঠানামায় নিষেধাজ্ঞা জারি করা হয়। ওইদিন প্রায় ৯২০০ ফ্লাইট বাতিল এবং ৭৫০০ ফ্লাইট বিলম্বিত হয়।

ফ্লাইট বিপর্যয়ে একদিনেই বিপাকে পড়েন ১৫ লাখের মতো যাত্রী। তবে সেই ধাক্কা এখনো কাটেনি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য বলছে, শনিবারও সাড়ে ৩ হাজার ফ্লাইট বাতিল এবং ২ হাজারের বেশি ফ্লাইট স্থগিত হয়েছে।

শুধু তাই নয়, এরইমধ্যে রোববারের ৮৭৫টি ফ্লাইটও বাতিল হয়েছে।

বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর শুক্রবারের মত এত দীর্ঘ সময় বিমান চলাচল বন্ধ রাখার ঘটনা আর ঘটেনি। এর প্রভাব কয়েক দিন পর্যন্ত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডাফি জানান, এলথ্রিহ্যারিস নামের একটি প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানের ঠিকাদাররা পুরোনো তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক কেবল বসানোর কাজ করছিলেন।

যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ অবকাঠামো অত্যন্ত পুরোনো, সে কথা তুলে ধরে পরিবহনমন্ত্রী বলেন, ব্যবহৃত তারটি এতটাই পুরোনো ছিল যে সেটির ব্যবহার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান ব্রায়ান বেডফোর্ড ওই সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনার পেছনে কোনো নাশকতা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট কোনো কিছুর প্রমাণ পাওয়া যায়নি।

শনিবার এলথ্রিহ্যারিস জানায়, যোগাযোগ অবকাঠামো আধুনিকায়নের কাজ বন্ধ হওয়ার আগে তারা ৭০ শতাংশের বেশি কাজ শেষ করেছিল।

এক বিবৃতিতে তারা বলে, ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পেছনে কী পরিস্থিতি কাজ করেছে, তা জানতে এফএএর তদন্তে তারা সহযোগিতা করছে।

ডাফি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিমান চলাচল নিয়ন্ত্রণ অবকাঠামো আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় অর্থ অনুমোদন না করলে একই ধরনের সমস্যা আবারও দেখা দিতে পারে।

এ অবকাঠামো উন্নয়নে ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কংগ্রেসের উভয় কক্ষই বর্তমানে রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে।