যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল বন্ধের ঘটনায় যা জানা গেল, এরপর কী
এয়ার ট্রাফিক কন্ট্রোলের টেলিযোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে বাতিল হয়েছে ৬ হাজার ৬০০টির বেশি ফ্লাইট।
যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টার বেশি সময় উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার পর আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে এ ঘটনায় হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় ভোগান্তি কাটতে সময় লাগবে।
শুক্রবার দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর টেলিযোগাযোগব্যবস্থায় ত্রুটির পর নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে বিমান চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে ফ্লাইট সূচি স্বাভাবিক করতে এয়ারলাইন্সগুলোকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত যা জানা গেছে, তা তুলে ধরেছে রয়টার্স।
কী ঘটেছিল?
এক বিমানবন্দর থেকে অন্য বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী ২২টি ‘এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারে’ যোগাযোগ সমস্যা দেখা দেওয়ায় বিকাল ৩টা ৫৪ মিনিটে দেশজুড়ে ফ্লাইট উড্ডয়ন স্থগিতের নির্দেশ দেয় এফএএ।
এর ফলে উড্ডয়নের অপেক্ষায় থাকা অধিকাংশ ফ্লাইট বিমানবন্দরেই আটকে যায়। তবে যেসব উড়োজাহাজ আগে থেকেই আকাশে ছিল, সেগুলো গন্তব্যে পৌঁছে নিরাপদে অবতরণ করতে পেরেছে। এ ছাড়া কিছু জরুরি ও আন্তর্জাতিক ফ্লাইটকে এ নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, প্রযুক্তিবিদদের যোগাযোগ ব্যবস্থা স্থিতিশীল করার কাজের সময় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
বিপর্যয়ের কারণ কী?
পরিবহনমন্ত্রী শন ডাফি এই বিপর্যয়ের জন্য পুরোনো যোগাযোগ প্রযুক্তিকে দায়ী করেছেন।
তিনি জানান, অতিরিক্ত তথ্যের চাপে (ডেটা ওভারলোড) সুইচ ও রাউটারগুলো অকার্যকর হয়ে পড়ে এবং অসংগতিপূর্ণ তথ্য দিতে শুরু করে। এফএএ ফ্লাইট উড্ডয়ন বন্ধ করার আগে রেডার ও যোগাযোগ ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়েছিল।
তাৎক্ষণিকভাবে যন্ত্রপাতির ত্রুটি শনাক্ত করে সেবা পুনরায় চালু করা হলেও ঠিক কী কারণে এ ‘ওভারলোড’ তৈরি হয়েছিল, সে বিষয়ে এখনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেননি কর্মকর্তারা।
এটি কি সাইবার হামলা ছিল?
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি (অভ্যন্তরীণ নিরাপত্তা) মন্ত্রী মার্কওয়েইন মুলিন জানিয়েছেন, তদন্তকারীরা এখন পর্যন্ত সাইবার হামলা বা কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের আলামত পাননি।
তবে তদন্ত এখনো চলমান থাকায় এই প্রাথমিক মূল্যায়নকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে না নেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন তিনি।
কতগুলো ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে?
বিজনেস ইনসাইডারে প্রকাশিত ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৬০০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।
ফ্লাইটের সূচি ও উড়োজাহাজ চলাচলে পরিবর্তন আনতে হওয়ায় আন্তর্জাতিক ফ্লাইটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফ্লাইট চলাচল এখনো ব্যাহত হচ্ছে কেন?
উড্ডয়ন স্থগিতাদেশ তুলে নেওয়া হলেও তাৎক্ষণিকভাবে সব উড়োজাহাজ ও ক্রুদের নির্ধারিত গন্তব্য বা প্রয়োজনীয় স্থানে ফিরিয়ে আনা সম্ভব হয় না। দীর্ঘ বিলম্বের কারণে অনেক উড়োজাহাজ ভিন্ন বিমানবন্দরে আটকে পড়তে পারে। অন্যদিকে পাইলট ও কেবিন ক্রুদের নির্ধারিত কর্মঘণ্টার (ডিউটি লিমিট) সীমাও শেষ হয়ে যেতে পারে।
শন ডাফি সতর্ক করে বলেছেন, ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। তিনি যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রেখে ভ্রমণের পরামর্শ দিয়েছেন।
আগে কি কখনো এমন ঘটেছিল?
যুক্তরাষ্ট্রজুড়ে একযোগে ফ্লাইট উড্ডয়ন স্থগিত করার ঘটনা অত্যন্ত বিরল। এর আগে সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে এফএএর ‘নোটিস টু এয়ার মিশনস’ ব্যবস্থায় ত্রুটির কারণে দুই ঘণ্টারও কম সময়ের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখা হয়েছিল। তারও আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছিল।
এরপর কী ঘটতে যাচ্ছে?
এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে এফএএ। একই সময়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিকায়নের জন্য বাড়তি তহবিল সংগ্রহের চেষ্টা জোরদার করেছে ট্রাম্প প্রশাসন।
পুরোনো যন্ত্রপাতির কারণে ভবিষ্যতে আরও বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করে দিয়ে এ খাতের উন্নয়নে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি।
অন্যদিকে ফ্লাইট সূচি স্বাভাবিক করতে এয়ারলাইনসগুলোকে জমে থাকা ফ্লাইটের জট নিরসন এবং ক্রু ও উড়োজাহাজগুলোকে প্রয়োজনীয় অবস্থানে ফিরিয়ে আনতে হবে।
