ব্রাজিলকে ‘সবচেয়ে শক্তিশালী’ দলে পরিণত করার প্রত্যয় আনচেলত্তির
পুনর্গঠনের মধ্য দিয়ে চলা ব্রাজিল জাতীয় দলের জন্য আরও বেশি কিছু করার আকাঙ্ক্ষার কথা জানালেন অভিজ্ঞ এই কোচ।
দলের পারফরম্যান্সে আছে ওঠা-নামা। বাইরে চলছে সমালোচনা। তবে ব্রাজিল জাতীয় দল সঠিক পথেই আছে বলে মনে করেন কার্লো আনচেলত্তি। অভিজ্ঞ এই কোচ স্বীকার করছেন যে, দলের জন্য আরও অনেক কিছু করার আছে তার, আর তিনি সেটা করার প্রত্যয় ব্যক্ত করলেন।
এই বছরে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে ব্রাজিল। প্রীতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।
এই মাঠেই গত শনিবার জাপানের বিপক্ষে ৩-২ গোলে হারে রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। সোমবার সংবাদ সম্মেলনে দলের জন্য আরও বেশি কিছু করার আকাঙ্ক্ষার কথা জানান আনচেলত্তি।
“এটি নতুন দায়িত্ব। আমরা যা করছি তা আমার ভালো লাগছে, তবে আমার মনে হয় না এটি যথেষ্ট। আমাকে আরও অনেক কিছু করতে হবে এবং আমি তা করবই। আমার এখানে থাকতে ভালো লাগে, জাতীয় দলের অংশ হতে পেরে আমি আনন্দিত এবং আমাকে আরও উন্নতি করতে হবে।
“জাতীয় দলকে পুনরায় প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলতে আমাকে আরও বেশি কিছু করতে হবে। অনেকদিন ধরেই আমরা আর আগের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে নেই। আমার এখানে থাকতে ভালো লাগে এবং জাতীয় দলকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতামূলক দলে পরিণত করতে আমি আরও বেশি কিছু করতে চাই।”
টানা কয়েক বছরের ব্যর্থ পথচলার ইতি টানতে অনেক কাঠখড় পুড়িয়ে ক্লাব ফুটবলের দারুণ সফল কোচ আনচেলত্তিকে ২০২৫ সালে দায়িত্ব দেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। কিন্তু তার কোচিংয়ে গত বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সে শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে হেরে বিদায়ঘণ্টা বাজে তাদের।
তবুও আগামী বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তিকেই রেখে দেয় তারা এবং বিশ্বকাপের পরপরই পুরনো ও অভিজ্ঞদের অনেককে ছেটে ফেলে তারুণ্য নির্ভর দল গড়ায় মনোযোগ দেন কোচ। দল পুনর্গঠনে সময় দরকার, শুরু থেকে সেই কথাও জানিয়ে দেন আনচেলত্তি।
বিশ্বকাপের পর এখন পর্যন্ত চার ম্যাচের দুটিতে জিততে পেরেছে ব্রাজিল।
সবশেষ জাপানের বিপক্ষে হারের পর আনচেলত্তিকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন ব্রাজিলিয়ান গ্রেট রোমারিও। এখন তা না করলে অনেক দেরি হয়ে যাবে বলেও সতর্ক করে দেন তিনি।
৬৭ বছর বয়সি কোচের বিশ্বাস, তারা ঠিক পথেই আছেন। সিঙ্গাপুরের বিপক্ষে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চালানোর কথা জানালেন তিনি।
“আমরা সবাই মনে করি, দল সঠিক পথেই আছে। এই যাত্রায় আমাদের পূর্ণ আস্থা আছে এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আমরা নতুন কিছু বিষয় যাচাই করে দেখব। বর্তমানে আমাদের মূল্যায়ন করতে হবে যে, আমরা কোন কাজগুলো ভালো করছি আর কোথায় উন্নতির প্রয়োজন।
“জাপানের বিপক্ষে কিছু বিষয় স্পষ্ট হয়েছে যে, আক্রমণভাগের চেয়ে রক্ষণভাগে আমাদের আরও উন্নতি করা প্রয়োজন। তবে ভবিষ্যতে খুব শক্তিশালী জাতীয় দল গড়ে তোলার সঠিক পথেই আমরা এগিয়ে চলেছি।”
জাপানের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড পাওয়ায় আসছে ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না আনচেলত্তি।
