১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ম্যানচেস্টার ইউনাইটেডের শীর্ষ কর্তাদের ধুয়ে দিলেন লিসান্দ্রো মার্তিনেস

দলে ভালো মানের ফুটবলার না আনায় ও দলকে শক্তিশালী না করায় ম্যানচেস্টার ইউনাইটেডের শীর্ষ কর্তাদের তীব্র মৌখিক আক্রমণ করলেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 11:29 AM

Updated : 14 Oct 2026, 11:29 AM

ম্যাচ শেষে ফুটবলারদের প্রতিক্রিয়ায় সাধারণত ধরাবাঁধা ও গতানুগতিক কথাই থাকে। ক্লাব কর্তৃপক্ষের প্রসঙ্গে কথা বলতে সবসময়ই বাড়তি সতর্ক থাকেন তারা। কিন্তু লিসান্দ্রো মার্তিনেস না যা করলেন, এই সময়ের ফুটবল জগতে তা বিরল। আতলেকিতো মাদ্রিদের কাছ হারার পর ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার তীব্র মৌখিক আক্রমণে জর্জরিত করলেন ক্লাবের শীর্ষ কর্তাদের।

চ্যাম্পিয়ন লিগের ম্যাচটিতে মঙ্গলবার আতলেতিকোর কাছে ২-০ গোলে পরাজিত হয় ইউনাইটেড। শুধু এই ম্যাচই নয়, তাদের দুর্দশা চলছে বেশ কিছু দিন ধরেই। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা নেই তাদের।

স্বাভাবিকভাবেই আঙুল উঠছে ফুটবলারদের দিকে। কিন্তু মার্তিনেস কাঠগড়ায় দাঁড় করালেন ক্লাবের কর্তাদের। অ্যামাজন প্রাইমকে তিনি বললেন, এবারের দলবদলে যথেষ্ট বিনিয়োগ করা হয়নি এবং স্কোয়াড শক্তিশালী করার চেষ্টা নেওয়া হয়নি।

“সত্যিই বাজে... ভীষণ বাজে। নিজেকে অনেক সময় নিয়ন্ত্রণ করে রাখতে হয় আমার..., কিন্তু বলতেই হবে, কখনও কখনও এই ধরনের পারফরম্যান্স আমাদের ক্লাবের বর্তমান অবস্থারই একটি প্রতিচ্ছবি।

“গত মৌসুমে আমাদের দারুণ কেটেছে এবং এরপর আমরা শীর্ষ পর্যায় থেকে আরও বেশি কিছু আশা করেছি। আমরা চেয়েছি, লড়াই করার জন্য আরও ফুটবলার দলে নিয়ে আসবে তারা, কারণ অনেক দলই অনেক দলই অনেক ভালো ফুটবলার যোগ করেছে তাদের দলে।”

এবারের দলবদলে ১৫ কোটি পাউন্ড খরচ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড, তাদের অন্য বড় ছয় প্রতিদ্বন্দ্বী ক্লাবের চেয়ে যা উল্লেখযোগ্য পরিমাণে কম।

ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সকে সরাসরি দায় দিয়ে মার্তিনেস বললেন, তাদের প্রত্যাশা পূরণ করেনি ক্লাব।

“আতলেতিকোর দলটি অসাধারণ এবং আজকের জয় তাদের প্রাপ্য। কিন্তু আমাদের ক্লাবে আরও (বিনিয়োগ) আশা করি আমি। শতভাগ সত্যি। আমাদের টেকনিক্যাল ডিরেক্টরের (জেসন উইলকক্স) কাছ থেকে আরও বেশি কিছু আশা করি।

আমাকে সত্যিটা বলতে হবে আজ। ফুটবলার হিসেবে আমাদের অবশ্যই আরও বেশি কিছু করার আছে। কিন্তু এই ধরনের রাতের জন্য প্রস্তুত থাকতে একটি শক্তিশালি স্কোয়াড গড়াও গুরুত্বপূর্ণ।”

গত মৌসুমের শেষ ভাগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে থেকে শেষ করে ইউনাইটেড। দুই বছর পর জায়গা করে নেয় চ্যাম্পিয়ন্স লিগে। কিন্তু এই মৌসুমে তারা আবার ছুটছে উল্টো পথে। প্রিমিয়ার লিগে ছয় ম্যাচের স্রেফ একটি জিতে পয়েন্ট তালিকায় আছে তারা ১৩ নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগে হোঁচট খেল দ্বিতীয় ম্যাচেই।

সব মিলিয়ে সবশেষ সাত ম্যাচের স্রেফ একটি জিততে পেরেছে দলটি। তাতে কোচ মাইকেল ক্যারিকের চাকরি এখন আছে ঝুঁকির মুখে।

তবে কোচের পাশে দাঁড়িয়ে মার্তিনেস আবারও বললেন, দায় নিতে হবে ক্লাব কর্তৃপক্ষকে। আর্জেন্টাইন ডিফেন্ডারের মতে, চ্যাম্পিয়ন্স লিগে ভালো করার মতো স্কোয়াড গড়ার চেষ্টা করা হয়নি।

“ম্যানেজার বদলাতে থাকলে চলবে না। (ওপরে তাকিয়ে) অন্যান্য ক্ষেত্রগুলোর কি হবে? আমি এর বেশি কিছু বলতে পারব না। আজ রাতে কোচ বা ফুটবলারদের দোষ দেওয়া সহজ, কিন্তু আমাদের অন্যান্য ক্ষেত্রগুলোও দেখতে হবে (ওপরে ইশারা করে)। তিনি (ক্যারিক) তার সেরাটা দেন। প্রতিটি মৌসুম আলাদা। গত মৌসুমে যা করেছেন, তা নিয়ে পড়ে থাকলে চলবে না।

“দলগুলো জানে আমরা কীভাবে খেলি। তারা প্রতিটি খুঁটিনাটি জানে। পরিবর্তন না করলে পরের মৌসুমে বড় সমস্যা হবেই। গত মৌসুমে আমরা সবকিছুই করেছিলাম, একটি অসাধারণ দল তৈরির ভিত্তি আমরা গড়ে তুলেছিলাম। কিন্তু যখন দেখি আমার ক্লাব অসাধারণ ফলাফল অর্জনের চেষ্টা করছে না, তখন তা বিরক্তিকর ও হতাশাজনক।”

মার্তিনেসের বিস্ফোরক মন্তব্য নিয়ে পরে জিজ্ঞেস করা হয় ক্যারিককে। তবে ইউনাইটেডের কোচ সেই প্রসঙ্গ এড়িয়ে গেলেন। দল হারলেও ফুটবলারদের নিবেদন নিয়ে কোচ খুশিই।

“আমি এটা দেখিনি। এই ধরনের একটি ম্যাচের পর, যখন প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলে না, তখন কেউ হতাশ ও আবেগপ্রবণ হতে পারেন। আমি এটা দেখিনি, তাই আমার মনে হয় না এটা বলার সঠিক সময়। আমরা সবাই যত্নশীল এবং বিভিন্ন উপায়ে তা প্রকাশ করি, কিন্তু এখন সময় হলো একতাবদ্ধ হয়ে সমস্যা সমাধানের জন্য কাজ করার।

“দল হিসেবে, তাদের একতা বা জেতার ইচ্ছা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ফলাফলের দিকে তাকালে আপনি বলতে পারেন যে এটি মারাত্মকভাবে ভুল, কিন্তু ব্যাপারটা তেমন নয়। ফুটবলাররা দুর্দান্ত খেলেছে। ফলাফল ভালো হয়নি, কিন্তু তারা খেলা থেকে কিছু একটা পাওয়ার জন্য মরিয়া ছিল।”