২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা, নিহত ২

মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা দিয়ে সড়‌কের পা‌শে গাছের সঙ্গে ধাক্কা খায়।

টাঙ্গাইলে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা, নিহত ২

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য সমপ্লেক্সে স্বজনদের আহাজারি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2023, 10:21 PM

Updated : 02 Jun 2023, 10:26 PM

টাঙ্গাইলের ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারানো একটি মোটরসাইকেলের দুর্ঘটনায় চালক ও এক পথচারী নিহত হয়েছেন। মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকালে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের উপজেলার চিতুলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান।

নিহতরা হলেন কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের জাবরাজান গ্রামের আফজাল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক শিশির (৩০) এবং ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে পথচারী আনতাজ আলী মণ্ডল (৬৫)।

গুরুতর আহত ২২ বছর বয়সি ইয়ামিন অলোয়া ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাতে ওসি সফিকুল জানান, দুজন যুবক মোটরসাইকেলে করে বঙ্গবন্ধু সেতু থে‌কে গো‌বিন্দাসীর দি‌কে যা‌চ্ছিলেন। মোটরসাইকেলটি চিতুলীয়াপাড়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আনতাজকে চাপা দিয়ে সড়‌কের পা‌শে গাছের সঙ্গে ধাক্কা দেয়।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শিশির নিহত হন। অপর আরোহী ও পথচারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আনতাজ মারা যান।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই একজনের মরদেহ নিয়ে যায় স্বজনরা। অন্যজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে; আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।