রাকসু: ছাত্রদলের পাল্টায় মেশিনে ভোট গোনার দাবি শিবিরের
এদিন দুপুরে হাতে ভোট গণনাসহ ছয় দফা দাবি জানিয়েছে ছাত্রদল।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনের ভোট হাতে গোনার দাবি জানিয়েছে ছাত্রদল। তার কিছু পরেই পাল্টা হিসেবে ওএমআর মেশিনে ভোট গণনার দাবি করেছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার বিকালে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সাত দফা দাবি জানায় ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এসব দাবিতে স্মারকলিপি দেয় তারা।
দাবিগুলোর মধ্যে রয়েছে- পোলিং এজেন্টদের প্রবেশাধিকার ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সুবিধা নিশ্চিত, সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা, শুধু প্রশাসন অনুমোদিত সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া, কোনো প্রার্থী প্রযুক্তিগত সমস্যার অভিযোগ করলে ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা রাখা, প্রতিটি ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা এবং ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা।
দাবি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি, তারাও মূলত সেই দাবিগুলো উপস্থাপন করেছে। আমরা সেই পদ্ধতিতেই নির্বাচন আয়োজনের চেষ্টা করব।”
এর আগে এদিন দুপুরে হাতে ভোট গণনাসহ ছয় দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, “বর্তমান সময়ে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা অত্যন্ত সময়সাপেক্ষ ব্যাপার। উদাহরণ হিসাবে জাকসু নির্বাচনের কথা বলা যায়।”
তিনি আরও বলেন, “স্বচ্ছ ব্যালট বাক্স নিশ্চিত করা হবে এবং এভিএম পদ্ধতিতে ভোট গণনা করা হবে।”
২৮ জুলাই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী, সোমবার থেকে শুরু করে ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত প্রচার চলবে।
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হবে।
আরও পড়ুন:
