রাকসু: স্বচ্ছ ব্যালট বাক্স এবং হাতে গণনা চায় ছাত্রদল
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ছাত্রদলের ছয় দফা দাবির মধ্যে পাঁচটা দফাই অত্যন্ত যৌক্তিক ও গুরুত্বপূর্ণ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স, ভোট হাতে গণনাসহ ছয় দফা দাবি জানিয়েছে ছাত্রদল।
বুধবার দুপুরে এসব দাবি জানায় ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এসব দাবিতে স্মারকলিপি দেয় তারা।
দাবিগুলোর মধ্যে রয়েছে- ছবিযুক্ত ভোটার তালিকা প্রদান, সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া ভোটকেন্দ্রের ১০০ মিটারের প্রবেশ সংরক্ষিত করা ও ভোটারদের বিশৃঙ্খলা রোধে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতে কালো টাকা প্রতিরোধ করা এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সব প্রার্থীর জন্য একই আচরণ বিধিমালা মেনে চলার বিষয়টির মনিটরিং করা।
ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, “আমি দেখছি, আমাদের প্রশাসনের গা-ছাড়া ভাব। আমি বলতে চাই, আপনারা আরো একটু সোচ্চার হোন। আমরা ভোট বর্জন করতে চাই না।
“আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। রাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে আমি আশাবাদী, সুষ্ঠুভাবেই নির্বাচন হবে। আমাদের এই দাবিগুলো বাস্তবায়িত হলে রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ইতিহাসে গ্রহণযোগ্য একটি নির্বাচন।”
প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম বলেন, “ছাত্রদলের ছয় দফা দাবির মধ্যে পাঁচটা দফাই অত্যন্ত যৌক্তিক ও গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনার একটি দাবি ব্যাতীত পাঁচটা দাবিই মেনে নেবে। বর্তমান সময়ে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা অত্যন্ত সময়সাপেক্ষ ব্যাপার। উদাহরণ হিসাবে জাকসু নির্বাচনের কথা বলা যায়।”
তিনি আরও বলেন, “স্বচ্ছ ব্যালট বাক্স নিশ্চিত করা হবে এবং এভিএম পদ্ধতিতে ভোট গণনা করা হবে।”
২৮ জুলাই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী সোমবার থেকে শুরু করে ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত প্রচার চলবে।
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হবে।
আরও পড়ুন:
