চায়ের বিল চাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা, দাদী-ফুপু আহত
একজনকে ঘটনাস্থল থেকে আটক করে টহলরত র্যাব সদস্যদের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
কক্সবাজার শহরের সমিতিপাড়ায় চা খাওয়ার পর বিল চাওয়ায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে ‘বখাটে চক্রের’ সদস্যরা। তাদের মারধরে আহত হয়েছেন কিশোরের দাদী ও ফুপু।
বৃহস্পতিবার রাত ২টার দিকে সমিতিপাড়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) কায়সার হামিদ।
নিহত ১৫ বছর বয়সী আলাউদ্দিন ওই এলাকার মো. ইমরানের ছেলে। আহত হয়েছেন আলাউদ্দিনের দাদী নূর জাহান বেগম (৫০) ও ফুপি হুমাইরা আক্তার (২৮)।
আলাউদ্দিনের বাবা ইমরান বলেন, এলাকায় তাদের চায়ের দোকানে প্রায়শ রাতে বখাটে চক্রের কয়েকজন সদস্য চা খেতে আসে। বৃহস্পতিবার রাতেও তারা এসে চা খেয়ে বিল না দিয়ে চলে যেতে চায়।
“এসময় চায়ের বিল চাইলে আমার মাকে (নুরজাহান বেগম) মারধর করে বখাটেরা। মাকে ছুরিকাঘাত করতেও চেষ্টা করে তারা। মাকে রক্ষা করতে আমার ছোট বোন হুমাইরা এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়।”
“পরে ছেলে আলাউদ্দিন এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আলাউদ্দিন।”
তিনি অভিযোগ করে বলেন, এলাকার কয়েকজন কিশোর-তরুণ এ ঘটনা সংঘটিত করে। এর মধ্যে একজনকে ঘটনাস্থল থেকে আটক করে টহলরত র্যাব সদস্যদের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) কায়সার হামিদ জানান, খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থলে পুলিশ যায়। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ঘটনায় জড়িত একজনকে র্যাবের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। তবে তাকে এখনও পুলিশে হস্তান্তর করেনি র্যাব। অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
