Published : 29 Jun 2024, 07:11 PM
রাজশাহীর বাঘা উপজেলার আওয়ামী লীগ নেতা বাবুল নিহতের ঘটনায় মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের লিটনের বিরুদ্ধে মামলার হুমকির পর এবার সংসদ সদস্য শাহরিয়ার আলমকে দল থেকে বহিষ্কারের দাবি তুলেছেন মুক্তিযোদ্ধারা।
শনিবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মানববন্ধনে এ দাবি তোলেন তারা। এতে সংহতি জানায় সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল দাবি করেন, “মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার সন্তান খায়রুজ্জামান লিটনকে নিয়ে ‘অপপ্রচার ও ষড়যন্ত্রকারী’ রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমকে অবিলম্বে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করতে হবে।”
দাবি আদায় না হলে রাজশাহীর মুক্তিযোদ্ধারা কঠোর আন্দোলন গড়ে তুলবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল দলের জন্য নিবেদিত নেতা ছিলেন বলে জানান বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার।
তিনি দাবি করেন, “বাঘা দলিল লেখক সমিতির কমিটি নিয়ে বিরোধের সংঘর্ষে বাবুলের মৃত্যু হয়। এ সংঘর্ষের মূলহোতা সংসদ সদস্য শাহরিয়ার আলম। তাকে রাজশাহী জেলা ও মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

“আমরা বীর মুক্তিযোদ্ধারা বাবুল হত্যার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেইসঙ্গে দল থেকে শাহরিয়ার আলমকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।”
মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, “এ এইচ এম খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের তিন বারের নির্বাচিত মেয়র। তার সম্পর্কে ‘অপপ্রচার ও কুরুচিপূর্ণ’ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, বীর মুক্তিযোদ্ধা এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী এবং বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বক্তব্য দেন।
২২ জুন দলিল লেখক সমিতির কমিটি নিয়ে বিরোধের জের ধরে বাঘা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ নেতাকর্মী আহত হন। সংঘর্ষে গুরুতর আহত হন আশরাফুল ইসলাম বাবুল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে মারা যান তিনি।
পরে বৃহস্পতিবার দুপুরে বাবুলের জানাজার আগে বক্তব্যে ‘বাবুল হত্যাকাণ্ডের মদদদাতা’ হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের লিটনের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
পরে বিকালে জরুরি সংবাদ সম্মেলনে খায়রুজ্জামান লিটন অভিযোগ অস্বীকার করে এ ঘটনার জন্য পাল্টা শাহরিয়ার আলমকেই দায়ী করেছেন।
আরও পড়ুন:
রাজশাহীতে বিক্ষোভ মিছিল শেষে শাহরিয়ারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
মেয়র লিটনের বিরুদ্ধে মামলার হুমকি এমপি শাহরিয়ার আলমের