বেনাপোল সীমান্তে ১০ স্বর্ণের বার উদ্ধার, নারী আটক
“আটক স্বর্ণের ওজন এক কেজি ১৬৫ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ৮২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা।“
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে; এ সময় এক নারীকে আটক করা হয়েছে।
রোববার রাতে পুটখালী সীমান্তের উত্তরপাড়া গ্রামের একটি কলাবাগান থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান।
আটক রত্না বেগম (৩৪) শার্শা উপজেলার পুটখালী গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল সেখানে অভিযান চালায়।
এ সময় রত্না বেগমের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
“পরে তার তথ্যানুযায়ী, ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন এক কেজি ১৬৫ গ্রাম। আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা।“
এসব স্বর্ণ পাচার করার জন্য আনা হয়েছিল বলে জানান অধিনায়ক। তিনি আরও বলেন, এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। নারীকে থানায় হস্তান্তর করা হয়েছে।
