১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আগুনে পুড়েছে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান

“রাস্তা সরু থাকায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসতে পারেনি। তারপরও পুরো বাজার রক্ষা করা সম্ভব হয়েছে।“

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2024, 04:03 PM

Updated : 23 Apr 2024, 04:09 PM

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আগুনে পুড়ে গেছে ছোট-বড় ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান।

উপজেলার ঠাকুর বাজারে মঙ্গলবার ভোররাতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান।

তবে এতে কেউ হতাহত হয়নি।

শাহরাস্তি পৌরসভার কাউন্সিলর দেলোয়ার হোসেন মিয়াজী বলেন, “ঠাকুর বাজারে একটি চায়ের দোকানের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

“কিন্তু ততক্ষণে বিসমিল্লাহ সূতা ঘর, অনিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অনিল টি স্টল, টিপটপ লন্ড্রি, বিসমিল্লা আলু আড়ত, পরেশ স্টোর, আক্তার স্টোরসহ ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেশির ভাগ ছিল গোডাউন।“

শাহরাস্তি উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমদ ইরান বলেন, “রাস্তা সরু থাকায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসতে পারেনি। তারপরও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় পুরো বাজার রক্ষা করা সম্ভব হয়েছে।“

ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, “একটা লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। একটি ইউনিট দিয়েই নিয়ন্ত্রণ করা হয়েছে।“

ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটার পরিমাণ এখনও জানা যায়নি।