খাগড়াছড়িতে আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
ফায়ার সার্ভিস জানায়, পানির সংকটের কারণে আগুন নেভাতে সময় লেগেছে।
খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে অগ্নিকাণ্ডে নয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, শুক্রবার ভোর পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় তিন ঘণ্টা চেষ্টা করতে হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে এলাকাবাসী, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে প্রাথমিক ধারণা তাদের।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, “কাঠ ও টিনের তৈরি কাঠামো হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি পানির সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়।
“দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে কাঠের দোকান ও ফার্নিচার কারখানা সহ নয়টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়।”
