২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাবাকে কুপিয়ে হত্যায় তিন ছেলের মৃত্যুদণ্ড

মামলা চলাকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অহিদ উল্লাহর ছেলে মো. ফারুক কারাগারের ভেতরে খুন হন।

কুমিল্লায় বাবাকে কুপিয়ে হত্যায় তিন ছেলের মৃত্যুদণ্ড

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 04:51 PM

Updated : 11 Jul 2023, 04:51 PM

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাবাকে কুপিয়ে হত্যার দায়ে তিন ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

হত্যাকাণ্ডের প্রায় ১০ বছর পর মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খাঁন আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) নুরুল ইসলাম।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি গ্রামের হাজী আবদুল করিমের প্রথম স্ত্রীর ছেলে ফয়েজ উল্লাহ, অহিদ উল্লাহ ও শহীদ উল্লাহ।

মামলার বরাত দিয়ে আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান বলেন, ২০১৩ সালের ২৬ আগস্ট সকালে ৮৫ বছর বয়সী হাজী আবদুল করিমকে বাড়ির পাশের একটি চা দোকানের সামনে রামদা-চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। সম্পত্তি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের জেরে এ খুনের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওইদিনই করিমের দ্বিতীয় স্ত্রী সাফিয়া বেগম হত্যা মামলা করেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর আশির দশকের শুরুর দিকে হাজী আবদুল করিম দ্বিতীয় বিয়ে করেছিলেন। হাজী আবদুল করিম ও সাফিয়া বেগমের সন্তানাদি রয়েছে।

আইনজীবী নুরুল ইসলাম বলেন, আদালত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন। রায়ে চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

এ ছাড়া মামলা চলাকালে ২০১৯ সালের ১৫ জুলাই আসামি মো. ফারুক কারাগারের ভেতর খুন হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়। ফারুক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অহিদ উল্লাহর ছেলে।  

যে চারজনকে খালাস দেওয়া হয়েছে তাদের মধ্যে ফারুকের হত্যাকারী ও তার আপন ফুফাত ভাই মো. হাসান রয়েছেন। হাজী আবদুল করিম হত্যা মামলায় হাসান খালাস পেলেও ফারুক হত্যা মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত।

হাজী আবদুল করিমের দ্বিতীয় পক্ষের ছেলে আবদুল মমিন বলেন, “আমরা চাই, খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আদালতের রায় বাস্তবায়নের করা হোক।”