মেহেরপুরে গালাগালি করায় ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা
ঘটনার পর ছেলে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানিয়েছে পুলিশ।
মেহেরপুর সদর উপজেলায় শাসন করতে ছেলেকে গালাগালি করায় ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর নিহতের ছেলে থানায় এসে আত্মসমর্পণ করেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানার ওসি হুমাউন কবীর।
নিহত হাবেল শেখ ওরফে হাবেল উদ্দিন ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। আটকের নাম সাহাবুল ইসলাম।
হাবেলের স্ত্রী মায়া খাতুন বলেন, তাদের ছেলে বখাটে। কোনো কাজকর্ম করতো না। বাবার কাজে কিংবা সংসারে কোনো ধরনের সাহায্য করতো না সাহাবুল। এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হলে বাবা শাসনের জন্য ছেলেকে গালিগালাজ করতেন।
“এদিন ভোরের দিকে সাহাবুল উন্মাদের মত আচরণ করে বাড়ির বাইরে বেরিয়ে যায়। পরে ঘরে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় ঘুমন্ত স্বামী মরে পড়ে আছে”, বলেন তিনি।
ওসি হুমাউন কবীর বলেন, ঘটনার পর সাহাবুল সদর থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন। পুলিশের কাছে সাহাবুল হত্যার দায় স্বীকার করে বলেন, বাবা তাকে খুব গালিগালাজ করতো।
তবে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কি-না তা খতিয়ে দেখার কথা বলেছেন তিনি।
ওসি বলেন, ঘটনা শোনা মাত্র পুলিশ সাহাবুলকে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে সাহাবুলকে আটক এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি হুমাউন কবীর।
