২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

বরিশালে পুকুরে ঝাপিয়ে, খাটের নীচে লুকিয়েও বাঁচতে পারলেন না যুবক

ওসি রাকিবুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পদ্মা সেতুর ঢোল প্লাজার আগে থেকে মাইক্রোবাসসহ ৯ জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 02:53 PM

Updated : 24 Oct 2026, 02:53 PM

পূর্ববিরোধ নিয়ে কথা-কাটাকাটির জের ধরে ঢাকা থেকে মাইক্রেবাসে এসে বরিশালের উজিরপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুকুরে ঝাঁপিয়ে সাতার কেটে আরেক ঘরে গিয়ে লুকিয়েও প্রাণ বাঁচাতে পারেননি তিনি।

শুক্রবার রাত ১১টার দিকে বরিশাল-গোপালগঞ্জের সীমান্তবর্তী উজিরপুর উপজেলার আলমদী এলাকায় এ ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার ওসি রাকিবুল ইসলাম জানিয়েছেন।

নিহত কাওছার হাওলাদার (৩২) উপজেলার আলমদী গ্রামের মৃত মোনাফছের হাওলাদারের ছেলে। পেশায় তিনি ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালক।

নিহতের চাচাতো ভাই রাশেদ আমিন বলেন, তুচ্ছ ঘটনা, ফেইসবুক স্ট্যাটাস নিয়ে একই এলাকার ফরিদ মোল্লার ছেলে সজল মোল্লার সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে সাতলা একতা বাজারে সজলের ভাই নান্না মোল্লা ও তার ছেলে সাজিদ মোল্লার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিও হয়।

ঘটনার বর্ণনা দিয়ে রাশেদ আমিন বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ও কাওছারসহ পাঁচ জন সাতলার কান্দি সড়কের কালভার্ট এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস ও তিনটি মোটর সাইকেলে আসা ১০/১৫ জন সশ্স্ত্র ব্যক্তি তাদের ধাওয়া দেয়।

তখন তারা পাশের পুকুরে ঝাপিয়ে পড়েন, সাতরে অপর পাড়ের একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। তখন সশ্স্ত্র ব্যক্তিরাও নৌকা নিয়ে তাদের ধাওয়া করেন এবং দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে খাটের নিচে লুকানো কাওছারকে বের করে কুপিয়ে ফেলে রাখে।

এ সময় দরজার আড়ালে থাকায় তাঁকে খুজে না পেয়ে হামলাকারীরা চলে যায় বলে দাবি করেন রাশেদ। পরে কাওছারকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

তিনি আরও অভিযোগ বলেন, হামলাকারীদের মধ্যে সজল মোল্লা, শামীম মোল্লা, মেহেদী মোল্লা ও তাদের চাচা কাঞ্চন মোল্লাকে চিনতে পেরেছেন।

ওসি রাকিবুল ইসলাম একই তথ্য জানিয়ে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে তাদের একটি দল পদ্মা সেতুর ঢোল প্লাজার আগে থেকে মাইক্রোবাসসহ ৯ জনকে আটক করা হয়েছে।

“তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যার কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।”

ওসি আরও জানান, নিহতের লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইন কার্যক্রমের প্রস্তুতি চলছে।