২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় আম পাড়া নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে চাচা খুন

আম পাড়তে নিষেধ করলে দুজনের মধ্যে ঝগড়া বাধে; এক পর্যায়ে আলিমকে ছুরিকাঘাত করা হয় বলে জানায় পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2023, 12:48 AM

Updated : 16 Jun 2023, 01:15 PM

পাবনা সদরে আম পাড়া নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে চাচাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাতিজাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামার গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা।

নিহত ৪০ বছর বয়সি আব্দুল আলিম ওই গ্রামের প্রয়াত জনাব আলীর ছেলে। তিনি একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন।

আটক তানজিল হোসেন একই এলাকার আব্দুল হালিম মোল্লার ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি কৃপা সিন্ধু জানান, একটি আম গাছকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। আলিম সকালে সেই গাছের আম পাড়তে যান।

“এ সময় তানজিল আম পাড়তে নিষেধ করলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে আলিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তানজিল।”

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় মামলার প্রস্তুতির কথা জানিয়ে ওসি কৃপা সিন্ধু বলেন, হত্যায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাতিজাকে আটক করা হয়েছে।