২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দর

ছুটির এ কয়দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার চলবে বলে বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব জানান।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 03:53 PM

Updated : 26 Jun 2023, 03:53 PM

ঈদুল আজহা উপলক্ষে পাঁচদিনের জন্য বন্ধ থাকবে বেনাপোল- পেট্রাপোল স্থলবন্দর।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা সোমবার সকালে বলেন, আগামী মঙ্গলবার সরকারের নির্বাহী আদেশে ছুটি।

ঈদুল আজহা উপলক্ষে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার আমদানি-রপ্তানিসহ বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী রোববার (২ জুলাই) থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে জানান লতা।

দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টরা জানিয়েছেন, যদিও সোমবার থেকেই আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

দীর্ঘ ছুটির ফলে উভয় বন্দর এলাকায় তীব্র পণ্যজটের আশঙ্কা করছেন বন্দর সংশ্লিষ্টরা।

তবে ছুটির এ কয়দিন কাস্টমস ও বন্দরের কাজ বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন ওসি আহসান হাবীব জানান।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “লম্বা ছুটিতে বন্দর ও কাস্টমসের অনেক কর্মকর্তা বাড়ি চলে যান। ফলে আগামী ৫ জুলায়ের (বুধবার) আগে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরবে না।”

এদিকে, পেট্রাপোল বন্দরে ইতোমধ্যে ট্রাকজট সৃষ্টি হয়েছে বলে সেখানকার বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বন্দরে স্থান সংকুলান না হওয়ায় বন্দরের ট্রাক টার্মিনাল, পেট্রাপোল পার্কিং ও বনগাঁও টার্মিনালে কয়েকশ পণ্য বোঝাই ট্রাক আটকে আছে। যেগুলো বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।”

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, “প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে তিন-চারশ ট্রাক আমদানি পণ্য নিয়ে বেনাপোলে ঢোকে। আবার বেনাপোল দিয়ে দুই থেকে আড়াইশ ট্রাক রপ্তানি পণ্যচালান যায় ভারতে।”

তিনি বলেন, “লম্বা ছুটির কারণে বন্দরে পণ্যজট তৈরি হওয়া স্বাভাবিক। তাই বিশেষ ব্যবস্থায় অফিস খুলে দ্রুত পণ্যচালান ডেলিভারি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন:

পুরনো খবর:

৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি