১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজার পর কালীপূজা উপলক্ষ্যে ৮ থেকে ১০ নভেম্বর এবং ছটপূজা উপলক্ষ্যে ১৫ ও ১৬ নভেম্বর এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 10:14 AM

Updated : 16 Oct 2026, 10:14 AM

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে টানা আট দিন ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে।

তবে বুড়িমারী ও ভারতের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ বলেন, দুর্গাপূজায় ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছয় দিন ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন।

এর সঙ্গে বাংলাদেশের দুই দিনের সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) যুক্ত হয়ে মোট আট দিন বুড়িমারী স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।

ভারতীয় ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে লিখিতভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলেও জানান ‍তিনি।

চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অজয় কুমার সাহা ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, দুর্গাপূজা শেষে আগামী ২৪ অক্টোবর থেকে পুনরায় দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হবে। একই সময়ে ভারতের ট্রানজিট রুট ব্যবহার করে বুড়িমারী দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যও বন্ধ থাকবে।

চিঠিতে আরও জানানো হয়, দুর্গাপূজার পর কালীপূজা উপলক্ষ্যে ৮ থেকে ১০ নভেম্বর তিন দিন এবং ছটপূজা উপলক্ষ্যে ১৫ ও ১৬ নভেম্বর দুই দিন একইভাবে এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হবে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) মতলেবুর রহমান বলেন, “দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় ব্যবসায়ীরা চিঠি দিয়ে বাণিজ্য বন্ধের বিষয়টি আমাদের জানিয়েছে। তবে বন্দর কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম এবং যাত্রীদের জন্য ইমিগ্রেশন খোলা থাকবে।”

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি এসআই সাইফুল ইসলাম বলেন, “আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চৌকি সার্বক্ষণিক খোলা থাকবে। বৈধ পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন।”