২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র হরণকারী সরকার পালানোর পথ খুঁজে পাবে না: খন্দকার মোশাররফ

“বিএনপি একা সরকারের পতন ঘটাতে পারবে না।”

গণতন্ত্র হরণকারী সরকার পালানোর পথ খুঁজে পাবে না: খন্দকার মোশাররফ

রোববার কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকার একটি হোটেলে কর্মশালায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2023, 12:02 AM

Updated : 09 Jan 2023, 12:02 AM

বিএনপি একা নয়, জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকার একটি হোটেলে এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ২৭ দফার ব্যাখ্যা বিশ্লেষণ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

বিএনপি নেতা বলেন, “আমরা আন্দোলনের ১০ দফা ঘোষণা করেছি। এরই মধ্যে আমাদের গণমিছিল, গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সারাদেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসব কর্মসূচিতে অংশ নিয়েছে। এরপর আমরা গণঅভ্যূত্থানের ডাক দেব। সবাই এক হয়ে কর্মসূচি পালন করবে। তখন গণতন্ত্র হরণকারী এই সরকার পালানোর পথ খুঁজে পাবে না।“

খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সরকারের পতন ঘটাতে জনগণকে বুঝাতে হবে। এজন্য আগে বিএনপির নেতাকর্মীদের বুঝতে হবে ১০ দফা কী? এরপর জনগণকে সেটি বুঝাতে হবে। কারণ বিএনপি একা সরকারের পতন ঘটাতে পারবে না। সরকারের পতন ঘটাতে হলে জনগণকে সঙ্গে রাখতে হবে।”

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহসাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগীয়) সায়েদুল হক সাইদ।