গোপালগঞ্জে ডোবা থেকে হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার
ডোবায় আনুমানিক ৪০ বছর বয়সের ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
গোপালগঞ্জে সদর উপজেলার একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার সাতপাড় দক্ষিণপাড়া গ্রামের বিজয় বসুর বিলের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আসাদুজ্জামান টিটো।
তিনি জানান, ওই ডোবার মধ্যে আনুমানিক ৪০ বছর বয়সের ব্যক্তির লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে হাত-পা বাঁধা অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ।
মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ আড়াই শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৮-১০ দিন আগে অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর লাশ ডোবার মধ্যে ফেলে রাখা হয়েছে।
