২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের দ্বিতীয় দিন: সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, আটক ২

ঢাকা-গাইবান্ধা রোডে চলাচল করা বাসটি রাস্তার পাশে পার্কিং করে রাখা ছিল।

অবরোধের দ্বিতীয় দিন: সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, আটক ২

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা বাসটির অধিকাংশ পুড়ে গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 10:32 AM

Updated : 01 Nov 2023, 02:58 PM

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন সাভারে একটি দূরপাল্লার বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে সাভারের বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা রিমি পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।

তিনি বলেন, বাসে আগুন দেয়ার ঘটনায় দুই জনকে আটক করা হয়ছে। তারা হচ্ছেন- আব্দুল আলিম (৪০) ও সোহেল (৩৪)।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, “ভোরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। তবে ঘটনার সময় বাসে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায় বলে জানান তিনি।

বাসটি ঢাকা-গাইবান্ধা রোডে চলাচল করতো; এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি দীপক চন্দ্র সাহা।