এমপি দোলনের গাড়িতে ছোড়া ঢিলে সফরসঙ্গী আহত, যুবক আটক
এমপি দোলন বলেন, “বাবু কাপালীর রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনাটি খুব সাধারণ নয়।”
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলনের ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কাচ ভেঙে গিয়ে গাড়িতে থাকা দোলনের সফরসঙ্গী মেহেদী হাসান মারুফ আহত হয়েছেন।
শুক্রবার রাতে শ্যামনগরের হায়বাতপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, হামলায় জড়িত থাকার অভিযোগে বাবু কাপালী নামে এক যুবককে আটক করা হয়েছে।
বাবু কাপালী কালিগঞ্জ উপজেলার হোগলা গ্রামের আব্দুল হান্নান কাপালীর ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
সংসদ সদস্য আতাউল হক দোলন জানান, রাতে শ্যামনগরের দিক থেকে হায়বাতপুর মোড় হয়ে বাড়িমুখী তার ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। যদিও এর আগে তিনি ওষুধ নেওয়ার জন্য শ্যামনগর সদরের একটি ফার্মেসির সামনে নেমে যান। তবে এ ঘটনায় গাড়িতে থাকা স্থানীয় সাংবাদিক ও তার সার্বক্ষণিক সফরসঙ্গী মেহেদী হাসান মারুফ আহত হয়েছেন। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আতাউল হক দোলন আরও বলেন, “বাবু কাপালীর রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনাটি খুব সাধারণ নয়।”
বিষয়টি খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তিনি আহ্বান জানান।
