২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলায় নৌকার প্রার্থীর ভাই গ্রেপ্তার

ঈগল প্রতীকের মিছিল থেকে বাড়ি ফেরার পথে রাত ১১টায় ভেলুরপাড়া এলাকায় তার ওপর হামলা হয়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2024, 08:59 PM

Updated : 02 Jan 2024, 08:59 PM

বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় নৌকার প্রার্থীর ভাইসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার রাত ১টায় সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোনাতলা-সারিয়াকান্দি নিয়ে গঠিত বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কেএসএম মোস্তাফিজুর রহমান। আর আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাহাদারা মান্নান।

গ্রেপ্তাররা হলেন- সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন (৫৩), উপজেলার সিচারপাড়া এলাকার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে লিমন (৩২), একই উপজেলার জোড়গাছা গ্রামের আবুল্লাহিল বাকি দুলুর ছেলে রায়হান (২৮), তার প্রতিবেশী রানা (২৬), একই গ্রামের পিয়ালা মণ্ডলের ছেলে রাজন (৩৫) ও তার প্রতিবেশী ফিরোজ কেরানীর ছেলে নিপুণ (২৮)।

এর মধ্যে মিনহাদুজ্জামান লিটন নৌকার প্রার্থী সাহাদারা মান্নানের ভাই বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থক রেজোয়ানুল হক রিজভী ৩১ ডিসেম্বর রাতে সোনাতলা পৌর এলাকায় ঈগল প্রতীকের পক্ষে মিছিল করেন। মিছিল থেকে বাড়ি ফেরার পথে রাত ১১টায় ভেলুরপাড়া এলাকায় সন্ত্রাসীরা লাঠি ও রড দিয়ে রিজভীর ওপর হামলা করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনায় রিজভীর স্ত্রী নাসরিন সাথী মিনহাদুজ্জামানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরপরই সোনাতলা থানা পুলিশ জোড়াগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মতিনকে গ্রেপ্তার করে।

পরে এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। তারই ধারাবাহিকতায় সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় র‌্যাব-১২ বগুড়া এবং সিরাজগঞ্জ সদর কোম্পানি যৌথভাবে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি মোস্তাফিজ হাসান বলেন, গ্রেপ্তারের পর আসামিদের গভীর রাতে তাদের কাছে হস্তান্তর করা হয়। সকাল ১০টায় তাদের আদালতে তোলা হয়।

বগুড়া-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নানের বিরুদ্ধে একই দলের আরও দুজন লড়াইয়ে রয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য কেএসএম মোস্তাফিজুর রহমান (ঈগল প্রতীক) এবং সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য শাহাজাদী আলম লিপি (তবলা প্রতীক)।