২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় প্রকৌশলীদের মারধরের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউপি চেয়ারম্যানের সুপারিশ না শুনে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় প্রকৌশলীরা মারধরের শিকার হয়েছেন বলে জানায় ময়মনসিংহ পিডিবি।

বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় প্রকৌশলীদের মারধরের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পিডিবির তিন প্রকৌশলী মারধরের শিকার হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 04:31 PM

Updated : 04 Apr 2023, 04:31 PM

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে পিডিবির তিন প্রকৌশলীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে উপজেলার বিসকা ইউনিয়নের কাকনীকোনা ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুলের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

মারধরের শিকার হলেন- ময়মনসিংহের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহকারী প্রকৌশলী মো. সৈকত মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী মো. আল-আমীন আজাদ ও উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম পারভেজ রুবেল।

এই ঘটনায় ময়নসিংহ পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোফাজ্জল হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান তারাকান্দা থানার ওসি আবুল খায়ের।

এ বিষয়ে মোফাজ্জল হোসেন বলেন, “সোমবার সকালে নিয়মিত কাজের অংশ হিসেবে বিসকা ইউনিয়নে সরকারি রাজস্ব আদায়ের উদ্দেশে একটি টিম পরিদর্শনে যায়। এ সময় কাকনীকোনা ব্রিজ মোড় এলাকার বাসিন্দা আবাসিক গ্রাহক হাতেম আলীর বাড়িতে প্রি-পেইড মিটার বহির্ভূত বিদ্যুৎ ব্যবহার করতে দেখেন ওই টিমের প্রকৌশলীরা। তাৎক্ষণিক ভাবে হাতেম আলীর আবাসিক বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করেন তারা। 

“তখন চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুল ও হাতেম আলীর অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন না করতে সুপারিশ করেন। কিন্তু প্রকৌশলীরা চেয়ারম্যানের সুপারিশ না রেখে চলে যান।”

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, “এর কিছুক্ষণ পরে চেয়ারম্যানসহ অজ্ঞাতনামা কয়েকজন ১০ থেকে ১২টি মোটরসাইকেলে নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গাড়ি রোধ করে সহকারী প্রকৌশলী সৈকত মাহমুদের সঙ্গে কথা কাটাকাটি করেন। এক পর্যায়ে সৈকত মাহমুদ, আল-আমীন আজাদ ও মাসুম পারভেজ রুবেলে মুখে, ঘাড়ে, পিঠে ও পেটে কিল-ঘুষি মেরে আহত করেন।

“পরে আহত প্রকৌশলীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় তারাকান্দা থানায় লিখিত অভিযোগ করেছি। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

প্রকৌশলীদের ওপর হামলার ঘটনার কথা অস্বীকার করে বিসকা ইউনিয়নের চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুল বলেন, “গ্রামের মানুষ না বুঝে অনেক সময় ভুল করে ফেলে। তাই তাদের হয়ে সুপারিশ করায় বিদ্যুৎ বিভাগের লোকজন আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় আমার লোকজন তার প্রতিবাদ করে। পরে আমি তাদের থামিয়ে বিদ্যুৎ বিভাগের লোকজনকে পাঠিয়ে দেই।”

এ বিষয়ে ওসি আবুল খায়ের বলেন, “প্রকৌশলীদের ওপর হামলার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”