২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তারাকান্দায় নির্বাচনী সংঘর্ষ-গোলাগুলির পর ১৪৪ ধারা, প্রচার বন্ধ

উপজেলা প্রশাসন জানিয়েছে, এই সময়ে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন না।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2023, 03:41 PM

Updated : 02 Jun 2023, 05:10 PM

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির পর সহিংসতা নিয়ন্ত্রণে নিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন; এই সময়ে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন না।

বৃহস্পতিবার রাতে নির্বাচনী সহিংসতার পর তারাকান্দা বাজার ও আশপাশের এলাকায় শুক্রবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনও কেউ কোনো অভিযোগ করেননি।”

১২ জুন অনুষ্ঠেয় এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন অ্যাডভোকেট ফজলুল হক। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নুরুজ্জামান সরকার বকুল মাস্টার। ঘোড়া প্রতীকের এই প্রার্থীকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।     

বৃহস্পতিবার রাতে নৌকার সমর্থকরা ঘোড়া প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ করেন নুরুজ্জামান সরকার বকুল মাস্টার। তিনি বলেন, এ সময় তার ১০ সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের ঢাকায় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনার পর ঘোড়া প্রতীকের সমর্থকরা ময়মনসিংহ-শেরপুর বাজারের সড়কে টায়ার জ্বালিয়ে তিন ঘণ্টা অবরোধ ও বিক্ষোভ করেন।

তবে হামলার কথা অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক। তিনি দাবি করেছেন, প্রতিপক্ষের লোকজনই তাদের ওপর হামলা করেছে। তারা প্রতিরোধ করার চেষ্টা করেছেন। এ সময় কয়েকজন আহত হয়েছেন। 

পুরনো খবর:

তারাকান্দা উপজেলা নির্বাচন: ২ পক্ষের সংঘর্ষ, গোলাগুলি