১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বরিশালে নোঙ্গর করা লঞ্চে অগ্নিকাণ্ড

“ইঞ্জিন ছাড়া আগুনে লঞ্চের সবকিছুই পুড়ে গেছে।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2025, 01:37 PM

Updated : 26 Aug 2026, 12:22 PM

বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট লঞ্চঘাটে নোঙ্গর করা একটি লঞ্চে অগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল-পাতারহাট রুটে চলাচলকারী ‘এমভি সায়মুন-১’ নামের লঞ্চে এ অগ্নিকাণ্ড ঘটে বলে মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আলী আশরাফ জানান।

তিনি বলেন, “মশার কয়েল থেকে লঞ্চের দ্বিতীয় তলার একটি কেবিনে আগুনের সূত্রপাত হয়। পরে অল্প সময়ের তা দ্রুত ছড়িয়ে পড়ে। রাত তিনটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“ইঞ্জিন ছাড়া আগুনে লঞ্চের সবকিছুই পুড়ে গেছে। এতে লঞ্চের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

লঞ্চ মালিক মো. রুহুল আমিন বলেন, “এ লঞ্চটি বরিশাল-পাতারহাট রুটে চলাচল করতো। অগ্নিকাণ্ডের সময় লঞ্চটি পাতারহাট ঘাটে নোঙ্গর করা ছিল। আগুন কিভাবে লেগেছে তা এখনও জানি না। আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। গিয়ে বলতে পারব।”

বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা বলছিলেন, রাত আড়াইটা থেকে তিনটার দিকে পাতারহাট লঞ্চঘাটে নোঙ্গর করে রাখা এমভি সায়মুন-১ লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তা নিয়ন্ত্রণে এনেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

মেহেন্দিগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, “অগ্নিকাণ্ডের কারণ এখনও জানি না। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্ত করে সঠিক কারণ বলতে পারব।”