যশোরে গাছে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোরে মনিরামপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই আরোহীর প্রাণ গেছে।
মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, উপজেলার মান্দারতলা এলাকার মনিরামপুর-রাজগঞ্জ সড়কে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মোস্তাক হোসেনের ছেলে শিহাব হোসেন (১৮) ও মাছনা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে নাহিদ হোসেন (২২)।
ওসি বলেন, রাজগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলেটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
