২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর পল্লীবিদ্যুতের ৫ কর্মকর্তাসহ ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা

পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় সাড়ে ৭৯ লাখ টাকার মালামাল আত্মসাতে  জড়িত থাকার অভিযোগে মামলাটি করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 10:44 AM

Updated : 07 Mar 2024, 10:44 AM

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় সাড়ে ৭৯ লাখ টাকার মালামাল আত্মসাতে  জড়িত থাকার অভিযোগে এক ঠিকাদার ও সমিতির ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুরে সংস্থাটির সহকারী পরিচালক মো. সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হচ্ছেন, ঠিকাদার মো. মামুন উর রশিদ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর তৎকালীন সিনিয়র জিএম প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল, এজিএম (ইএন্ডসি) এস এম নাহিদ সিরাজ, সাবেক সহকারী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার উজ্জ্বল চন্দ্র সরকার, স্টোর কিপার আব্দুল হামিদ।

দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক বায়োজিদুর রহমান খান জানান, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ লাইন রক্ষণাবেক্ষণ/ফিডার লোড ব্যালেন্সিং/আপগ্রেডেশন কাজ/লাইন নির্মাণ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল।

এতে ঠিকাদার মো. মামুন উর রশিদ তিনটি প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে ভুয়া দরপত্র দাখিল করেন। পল্লী সমিতির কর্মকর্তারা যাচাই-বাছাই বা কোনো ধরনের চুক্তি ছাড়াই ওইসব ভুয়া প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ প্রদান করেন।

পরবর্তীতে, ঠিকাদার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগসাজশে চাহিদাপত্র ঘষামাজা (টেম্পারিং) করে ওই তিন প্রতিষ্ঠানের নামে চার কোটি ৪৬ লাখ টাকার মালামাল উত্তোলন করেন। কিন্তু নির্ধারিত সময়ে অধিকাংশ নির্মাণ কাজ সম্পন্ন না করে সেসব মালামাল আত্মসাতের চেষ্টা করেন।

দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা মো. সেলিম মিয়া তার প্রতিবেদনে উল্লেখ করেন, পুলিশের সহায়তায় তার গোডাউন থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়। বাকি ৭৯ লাখ ৪০ হাজার ৩০৩ টাকার মালামাল আত্মসাৎ করেন ঠিকাদার মো. মামুন উর রশিদ।

এমন ঘটনায় পরস্পরের যোগসাজশে প্রতারণার আশ্রয়ে জাল রেকর্ডপত্র ও ক্ষমতার অপব্যবহার করে ৭৯ লাখ ৪০ হাজার ৩০৩ টাকার মালামাল আত্মসাৎ ও আত্মসাতে সহযোগিতার অপরাধে ঠিকাদার ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটি করা হয় বলে জানান উপ-পরিচালক বায়োজিদুর রহমান খান।