রংপুরের সেই নবজাতকসহ মায়ের ঠাঁই হল শিশু পরিবারে
বিল পরিশোধে ব্যর্থতার অজুহাতে প্রসূতিকে না জানিয়ে নবজাতককে বিক্রির অভিযোগ ওঠে হাসপাতালের বিরুদ্ধে; পরে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
রংপুরে চিকিৎসা ব্যয় পরিশোধে ব্যর্থ হওয়ার অজুহাতে নবজাতক বিক্রির পর উদ্ধার অভিভাবকহীন মা ও সন্তানকে সরকারি শিশু পরিবারে নেওয়া হয়েছে।
রংপুর জেলা প্রশাসনের নির্দেশে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বুধবার সকাল ১০টায় নগরীর বিনোদপুরে সরকারি শিশু পরিবার বালিকায় তাদের স্থানান্তর করা হয়।
রংপুর জেলা সমাজসেবার অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন জানান, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত নবজাতকসহ মা লাবনী আক্তার সেখানেই থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কয়েকদিন থেকে সংবাদমাধ্যমে নবজাতক বিক্রির ঘটনায় লাবনী আক্তারের খবর প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে জেলা প্রশাসকের।
“জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ঘটনাটি সমাজসেবা অধিদপ্তরকে জানালে তাৎক্ষণিক বিষয়টি আমলে নেওয়া হয়। পরে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে ওই নারী ও তার সন্তানকে সরকারি শিশু পরিবার বালিকায় থাকার ব্যবস্থা করি।”
তিনি বলেন, যতদিন পর্যন্ত বিষয়টি নিষ্পত্তি না হয় ততদিন সমাজসেবা থেকে তাদের সহযোগিতা করা হবে।
মা ও নবজাতককে সাধ্যমতো সহযোগিতা করার কথা বলেছেন রংপুর সরকারি শিশু পরিবার বালিকার তত্ত্বাবধায়ক আলতাব হোসেন সরকার।
সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ওই নারী ও তার সন্তানকে সরকারি শিশু পরিবারে রাখার তথ্য দেন ডিসি মোহাম্মদ মোবাশ্বের হাসানও।
গত ১৩ জানুয়ারি নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হলি ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হন ভুরারঘাট এলাকার লাবনী আক্তার (২২)। ওইদিন রাতে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের (ছেলে) জন্ম দেন তিনি।
চার দিন পর হাসপাতালের বিল পরিশোধে ব্যর্থতার অজুহাত ও পরিবারটির অসহায়ত্বকে কাজে লাগিয়ে প্রসূতিকে না জানিয়ে নবজাতককে বিক্রির উদ্যোগ নেন হাসপাতালের পরিচালক এম এস রহমান রনি।
পরে শিশুটির বাবা ওয়াসিম আকরামের সহায়তায় রনি তার পরিচিত এক দম্পতির কাছে ৪০ হাজার টাকায় নবজাতককে বিক্রি করে দেন।
এ ঘটনায় লাবনী আক্তার কোতোয়ালি থানায় অভিযোগ দিলে রোববার নবজাতককে উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন:
