২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি দোকান।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 06:18 PM

Updated : 20 Oct 2023, 07:34 PM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

বৃহস্পতিবার রাতে উপজেলার কান্দি ইউনিয়নের কাচারীভিটা বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম।

আগুনে বাজারের নতুন তাজের মুদি দোকান, কাজী সোহরাব হোসেনের ফার্মেসি এবং কাজী শাহজাহানের সার-কীটনাশকের দোকান পুড়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারের নতুন তাজের মুদি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত কাজী সোহরাব হোসেন বলেন, “আমার ছোট ভাই শাহজাহান ও আমার দোকান পুড়ে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আমরা ব্যবসা করে আসছিলাম।

“দোকানগুলো পুড়ে যাওয়ায় অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। এখন ব্যাংক লোন মওকুফ করে নতুন লোন না দিলে আমাদের পথে বসতে হবে।”

ফায়ার স্টেশনের সিরাজুল ইসলাম বলেন, “মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। এতে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা।”

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সরকারিভাবে সহযোগিতা করা হবে।