নাজিরপুর উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
তিনি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার মারা গেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন জানান, অমূল্য রঞ্জন সকালে বাসায় অসুস্থ হয়ে পড়লে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে চিকিৎসা ও অক্সিজেন দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
অমূল্য রঞ্জন কর্মজীবনে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষকতা জীবন শেষে তিনি নাজিপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
সবশেষ তিনি নাজিরপুর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার ও নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা অমূল্য রঞ্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
