পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ
এ মানববন্ধনে পৌরসভার পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর ‘গার্ড অব অনার’ ও দাফনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা কমান্ডের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এ কর্মসূচির আয়োজন করেন।
পিরোজপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সদর রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে পৌরসভার পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক, সোলাইমান মল্লিক (বীর প্রতীক), রাজ্জাক সরদার, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান ধরানী, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক সুলতান আহমেদ, সদস্যসচিব হাতেম আলী সরদার, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্র।
বক্তারা বলেন, যারা জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছেন, শেষ বিদায়ে সেই বীর মুক্তিযোদ্ধার ‘গার্ড অব অনার’ ও দাফনে বাধা দেওয়ার ঘটনা চরম অপমানজনক ও দুঃখজনক।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো বীর মুক্তিযোদ্ধার শেষ বিদেয়ে এমন পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা।
৫ অগাস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে চলে যান ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। টুঙ্গিপাড়ায় আত্মগোপনে থাকা অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
পরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘গার্ড অব অনার’ দেওয়ার প্রস্তুতি নেওয়া হলে জামায়াত সমর্থিত কর্মীরা আপত্তি জানান বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে পুলিশ লাইনে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
পরবর্তী সময়ে গভীর রাতে পুলিশ পাহারায় দাফন সম্পন্ন হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়।
আরও পড়ুন:
