২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের সঙ্গে পুড়ল জমি কেনার ২০ লাখ টাকা

শুক্রবার সকালে ঘর থেকে পুড়ে যাওয়া সেই টাকার কিছু অংশ জড়ো করে কান্নায় ভেঙ্গে পড়েন মজিবুর রহমান।

ঘরের সঙ্গে পুড়ল জমি কেনার ২০ লাখ টাকা

পুড়ে যাওয়া সেই টাকার কিছু অংশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2023, 06:09 PM

Updated : 28 Jan 2023, 01:47 PM

গাজীপুর মহানগরের কাশিমপুরে বাড়ির সঙ্গে জমি কেনার জন্য রাখা নগদ ২০ লাখও টাকা পুড়ে গেছে বলে দাবি করেছেন এক বাড়ির মালিক। 

শুক্রবার ভোরে কাশিমপুর থানাধীন হাতিমারা এলাকায় অগ্নিকাণ্ডে একটি বাড়ির ২২টি কক্ষ, পাশের অটো রিকশা গ্যারেজ ও ঝুট গোডাউন পুড়ে যায় বলে জানিয়েছেন কাশিমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মিরাজুল ইসলাম। 

পুড়ে যাওয়া বাড়ির মালিক মজিবুর রহমান জানান, একখণ্ড জমি কেনার জন্য ব্যাংকসহ বিভিন্ন জনের কাছ থেকে ২০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা রেখেছিলেন নিজের ঘরেই। ভোরে লাগা আগুনে বাড়ির সঙ্গে সব টাকাই পুড়ে গেছে। 

শুক্রবার সকালে ঘর থেকে পুড়ে যাওয়া সেই টাকার কিছু অংশ পেয়ে জড়ো করছিলেন মজিবুর রহমান। এ সময় টাকাগুলো সামনে রেখে কান্নায় ভেঙ্গে পড়লে স্থানীয়রা তাকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। 

মজিবুর রহমান বলেন, তিনি একটি কারখানায় চাকুরি করেন এবং পাশাপাশি ঘরভাড়া দেন। তার বাড়ির পাশের এক প্রতিবেশী কিছু জমি বিক্রি করবেন। জমিটি তিনি কেনার প্রস্তুতি নিয়েছিলেন। 

এ জন্য কিছুদিন আগে তিনি সিটি ব্যাংকের একটি শাখা থেকে ছয় লাখ টাকা ও গ্রামের বাড়ি পাবনা থেকে আরও ছয় লাখ টাকা ঋণ নেন। এ ছাড়া আগে থেকেই ঘরে আট লাখ টাকা জমানো ছিলো। 

জমি রেজিস্ট্রি করতে দেরি হওয়ায় এই ২০ লাখ টাকা তার ঘরেই ছিলো। কিন্তু ভোর বেলার আগুনে ঘরের সব মালামাল পুড়ে গেছে। একইসঙ্গে ঘরে রাখা এক-দেড় লাখ টাকার আংশিক এবং বাকি টাকার পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি। 

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিরাজুল ইসলাম জানান, শুক্রবার ভোর রাত ৪টার দিকে একটি খড়ের গাদায় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। সেখান থেকে মুহূর্তের মধ্যে আগুন পাশের মজিবুর রহমানের বাড়ি, জাকির হোসেনের গোডাউন এবং এরশাদের অটোরিকশার গ্যারেজে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।   

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।