নেত্রকোণায় ডুবে যাওয়া ট্রলার থেকে চালকের লাশ উদ্ধার
পানি উঠে নৌকাটি হঠাৎ তলিয়ে যেতে শুরু করলে অন্যরা ছোটাছুটি করে বের হলেও বেরিয়ে আসতে পারেননি চালক দোলোয়ার।
নেত্রকোণার কলমাকান্দায় উব্দাখালী নদীতে ডুবে যাওয়া কয়লাবাহী ট্রলার থেকে চালকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নদীর সেতু সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কলমাকান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার এমদাদুল হক।
নিহত ২৫ বছরের দেলোয়ার হোসেনের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট গ্রামে। তার বাবার নাম মিয়া হোসেন।
এমদাদুল হক বলেন, সোমবার তাহিরপুরের বালিয়াঘাট এলাকা থেকে ২০ টন কয়লা নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা করে কলমাকান্দার উদ্দেশ্যে রওয়ানা হন ছয় জন মাঝি।
মঙ্গলবার সন্ধ্যায় উব্দাখালী নদীর সেতু সংলগ্ন এলাকায় কয়লা মহাল ঘাটে লঞ্চটি ভিড়িয়ে রাখেন। খাওয়া-দাওয়া শেষে রাতে তারা ওই নৌকায়ই ঘুমিয়ে পড়েন।
পরে রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে পানি উঠে নৌকাটি তলিয়ে যেতে শুরু করে। তখন নৌকায় থাকা ছয় জনের মধ্যে পাঁচ জন ছোটাছুটি করে বের হলেও নৌকা থেকে বেরিয়ে আসতে পারেননি চালক দোলোয়ার।
খবর পেয়ে বুধবার সকালে ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাস্থলে অভিযান চালিয়ে নৌকার ভেতর থেকে দোলোয়ার হোসেনের লাশ উদ্ধার করেন। অভিযানে পুলিশ সদস্যরাও অংশ নেন।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, আইনি প্রক্রিয়া শেষে দুপুরে দেলোয়ারের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
