রাজবাড়ীতে নিখোঁজের তিন দিন পর পদ্মায় মিলল কিশোরের লাশ
“অপরিচিত নাম্বার থেকে ফোন করে ২০ লাখ টাকা দাবি করা হয়, না দিলে নিরবকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।”
রাজবাড়ীর কালুখালী উপজেলায় নিখোঁজের তিন দিন পর পদ্মা নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কালুখালি থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান।
নিহত নিরব শেখ (১৭) ওই ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের জিয়ারুল শেখের ছেলে।
নিরবের বাবা জিয়ারুল শেখ বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে মাধবপুর বাজারে যায় নিরব। গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় তার খোঁজ করি। পরের দিন খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইসবুকে সন্ধান চেয়ে পোস্ট দেয়।
“এর কিছু সময় পর আমার কাছে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে । ফোনে ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে নিরবকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।”
তিনি আরও বলেন, “টাকা নিয়ে পাংশা উপজেলার একটি ব্রিজের কাছে যেতে বলে ফোন কেটে দেয়। এরপর থেকে ওই নাম্বারটি বন্ধ । পরে শনিবার কালুখালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।”
সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে করে বলে জানান নিরবের বাবা।
ওসি মুহাম্মদ জাহেদুর বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
“শনিবার ছেলেটির বাবা একটি সাধারণ ডায়েরি করেছিলেন। এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। ”
