২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ভোটের সরঞ্জাম ‘ছিনতাই চেষ্টা’, পুলিশসহ আহত ২৫

ভোট শেষে নির্বাচনী মালামাল নিয়ে জেলা সদরে ফেরার পথে এ হামলা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2023, 12:00 AM

Updated : 21 Mar 2023, 11:57 AM

গোপালগঞ্জে ভোট শেষে ফেরার পথে নির্বাচনী সরঞ্জাম ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে; ওই সময় সহিংসতায় পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।  

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। 

ভোট শেষে ওই ওয়ার্ডের নির্বাচনে সাবু মোল্লাকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে সদস্য পদপ্রার্থী তিনজন মতিয়ার রহমান ফকির, পলু মোল্লা ও ইব্রাহিম কাজী পরাজিত হন। 

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, ভোট শেষে নির্বাচনী মালামাল নিয়ে সন্ধ্যায় আইন-শৃংখলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তারা গোপালগঞ্জ জেলা সদরে ফিরছিলেন। 

“পথে একদল লোক হামলা চালিয়ে ইভিএমসহ নির্বাচনী মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তখন আইনশৃঙ্খখলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়।”  

এতে সদর থানার ওসি ও আইনশৃঙ্খলা বাহিনীর ১০ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয় বলে মাসুদ জানান। 

“পুলিশ শটগানের গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।” 

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।