০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

পতেঙ্গায় শ্রমিকবাহী বাস উল্টে নিহত ১

নিহত ব্যক্তি বাস চালকের সহকারী ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 12:38 PM

Updated : 09 Nov 2026, 12:38 PM

চট্টগ্রামের পতেঙ্গায় পোশাক শ্রমিক বহনকারী বাস উল্টে চালকের সহকারীর ‍মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ শ্রমিক।

সোমবার সকালে পতেঙ্গা থানার লিঙ্ক রোডের নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আলমগীর (৪৫) বাস চালকের সহকারী ছিলেন।

পতেঙ্গা থানার ওসি মো. পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি কর্ণফুলী ইপিজেডের বেনটক বিডি নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মস্থলে নিয়ে যাচ্ছিল।

“কর্ণফুলী টানেল থেকে বের হয়ে বাসটি লিঙ্ক রোডে দ্রুত গতিতে চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের পাশে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে উল্টে যায় এবং চালকের সহকারী বাসের নিচে চাপা পড়ে।”

ওসি জানান, বাসে থাকা কয়েকজন শ্রমিক আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর আহক আলমগীরকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চারজন শ্রমিককে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে বলে জানান তিনি।