১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উপজেলা ভোট: ‘আচরণবিধি লঙ্ঘনে’ এমপি নিক্সনকে শোকজ

সদরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ‘আনারস’ প্রতীকের শাহীনুল ইসলামের বিপক্ষে দেওয়া তার বক্তব্য গণমাধ্যমেও এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:02 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিস (শোকজ) পাঠানো হয়েছে  ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীকে, যিনি নিক্সন চৌধুরী নামেই বেশি পরিচিত।

একই কারণে কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর ও পটুয়াখালীর পাঁচ ওসিকে প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

এমপি নিক্সনের বিরুদ্ধে সোমবার ফরিদপুরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান শোকজ নোটিস জারি করেন। মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে এই সংসদ সদস্যকে।

আচরণবিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে-বিপক্ষে প্রচার বা বিরোধিতা করে প্রকাশ্যে ভোটের মাঠে নামতে পারবেন না। 

ফরিদপুরের ভাঙ্গা ও সরদরপুরের দুই চেয়ারম্যান প্রার্থী জেলা নির্বাচন অফিসে অভিযোগ করেছেন, তাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন এমপি নিক্সন। 

কারণ দর্শাও নোটিসে বলা হয়েছে, সদরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের শাহিদুল ইসলামের বিপক্ষে বক্তব্য দিয়েছেন নিক্সন, যার অভিও-ভিডিও এবং বক্তব্য গণমাধ্যমেও এসেছে।

ভাঙা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ‘ঘোড়া’ প্রতীকের মোখলেছুর রহমান তার এলাকার এমপি নিক্সনের বিরুদ্ধে ‘প্রমাণ’ হিসেবে কাগজপত্র সংযুক্ত করে জেলা নির্বাচন অফিসে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন, যা একটি জাতীয় দৈনিকে খবর হয়েছে।

এ দুই উপজেলায় ভোট হবে ২৯ মে। দুটি অভিযোগ আমলে নিয়ে ‘সত্যতা’ পাওয়ায় সোমবার এমপি নিক্সনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ফরিদপুর জেলা নির্বাচন অফিস।

উপজেলা পরিষদ ‘নির্বাচনি আচরণ’ বিধিমালা ২০১৬ অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনে আগে নির্বাচনি এলাকায় কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচার-প্রচারণা চালাতে পারবেন না এবং নির্বাচনসংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। সংসদ সদস্যরা এ বিধিমালার আওতায় পড়েন।

কারণ দর্শাও নোটিসে বলা হয়েছে, এমপি নিক্সন আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে প্রতীয়মান হয়েছে। কেন তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, তার সুনির্দিষ্ট লিখিত ব্যাখ্যা ২৮ মে বিকাল ৪টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে।

সময় মত নোটিসের ব্যাখ্যা না দিলে এ সংসদ সদস্যের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হবে বলে নোটিসে সতর্ক করা হয়েছে।

পাঁচ ওসি প্রত্যাহার 

উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সোমবার কুমিল্লার দ্বেবিদ্বার, চাঁদপুরের ফরিদগঞ্জ, চট্টগ্রামের চন্দনাইশ ও আনোয়ারা থানার ওসিকে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করতে বলেছে ইসি। 

সোমবারই এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

পটুয়াখালীর দুমকী থানার ওসিকে ভোট শেষ না হওয়া পর্যন্ত রেঞ্জ ডিআইজির সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দিতে বলেছে ইসি।

সোমবার ইসির উপসচিব মিজানুর রহমানের সই করা এ-সংক্রান্ত চিঠি পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ হবে ২৯ মে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সোমবার ইসির পদক্ষেপ নেওয়া উপজেলাগুলোতে ভোট হবে এ দিন। 

এর আগে শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারের অভিযোগ ওঠে। সাবেক উপজেলা চেয়ারম্যান ও ‘আনারস’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের তার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।