সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে প্রায়ই সন্ধ্যার পর বসে সময় কাটাত ওই যুবক।
সিরাজগঞ্জের বেলকুচিতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুড়পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রুবেল হোসেন (৩৫) বেলকুচি পৌর এলাকার চালা সাতমাথা গ্রামের লোকমান হোসেন ওরফে টিন লোকমানের ছেলে।
বেলকুচি থানার ওসি খায়রুল বাশার স্থানীয়দের বরাত দিয়ে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই পুকুর পাড়ে রুবেল প্রায়ই সন্ধ্যার পর বসে সময় কাটাত। শনিবার রাতে ওখানেই কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।
স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
ওসি আর জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।
বিষয়টি তদন্তের পাশাপাশি হত্যাকারীদের শনাক্তে কাজ শুরু করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
