২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মামাত ভাইয়ের অস্ত্রের কোপে প্রাণ গেল এক ব্যক্তির

রোববার বিকালে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের লালনগর ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 09:39 PM

Updated : 24 Dec 2023, 09:39 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে।

রোববার বিকালে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের লালনগর ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত ব্যক্তির নাম নুরুল মোস্তফা বজল (৫০)।

এ হত্যাকাণ্ডের জন্য তার মামাত ভাই মো. তৌহিদকে দায়ি করেছে পরিবার।

সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৌহিদের বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদকসহ ১৮টি মামলা রয়েছে, যার ১২টিই সীতাকুণ্ডে।

ওসি বলেন, “তৌহিদ দীর্ঘদিন ধরেই পলাতক। মাঝে মধ্যে গোপনে এলাকায় গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তখন তাকে ধরতে পুলিশও অভিযানে যায়। তৌহিদের সন্দেহ, তার ফুফাত ভাই বজলই পুলিশকে জানিয়ে দেয়। তাদের দুই পরিবারের মধ্যে সম্পত্তি নিয়েও বিরোধ আছে।”

বজলের পরিবারের বরাত দিয়ে ওসি কামাল বলেন, “বিকালে তৌহিদ এলাকায় গিয়ে একটি দোকানের সামনে বজলকে দেখেই বিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে সঙ্গে থাকা ধারাল অস্ত্র দিয়ে বজলকে কুপিয়ে জখম এবং একটি হাত বিচ্ছিন্ন করে ফেলে।”

স্থানীয়রা বজলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।