০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় অ্যাম্বুলেন্সে পাওয়া গেল ৬৭২ বোতল ভারতীয় সিরাপ, আটক ২

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা সিরাপের প্রতিটি বোতলের আনুমানিক দাম আড়াই হাজার টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 03:17 PM

Updated : 02 Nov 2026, 03:17 PM

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ।

এ সময় অ্যাম্বুলেন্সে থাকা দুই যুবককে আটক করা হয়েছে।

সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম।

আটক দুজন হলেন- চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার মো. শহিদুল্লাহর ছেলে মো. নাহিদ (২৬) এবং মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরগোড়া এলাকার আবু জাফরের ছেলে আব্দুর রহিম মুন্না (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ভেতরে ২৮টি প্যাকেটে রাখা ৬৭২ বোতল সিরাপ পাওয়া যায়। অ্যাম্বুলেন্স ব্যবহার করে এসব সিরাপ ঢাকায় পাচারের চেষ্টা করা হচ্ছিল।

পুলিশের হিসাবে, উদ্ধার করা সিরাপের প্রতিটি বোতলের আনুমানিক দাম আড়াই হাজার টাকা। সে হিসাবে ৬৭২ বোতল সিরাপের মোট বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা।

ওসি বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।