মনপুরায় বাজারে অগ্নিকাণ্ড, ১৬ দোকান ভস্মীভূত
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে সোমবার ভোর রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।
ভোলার মনপুরা উপজেলার কোড়ালিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে গেছে।
সোমবার ভোর রাত ৩টার দিকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ অগ্নিকাণ্ড হয় বলে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন জানিয়েছে।
সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্ল্যাহ কাজল বলেন, রাত ৩টার দিকে একটি চায়ের দোকান থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে মনপুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে; কিন্তু ততক্ষণে ১৬টি দোকান পুড়ে গেছে বলে তিনি জানান।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশীষ কুমার বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। সরকার থেকে বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে সহায়তা প্রদান করা হবে।
আগুনে একটি ফার্মেসি, একটি চায়ের দোকান, তিনটি মুদি দোকান, দুটি কাপড়ের দোকান, একটি জুয়েলারি, দুটি কসমেটিকস, দুটি গুদাম, একটি কম্পিউটার ও একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানান।
এতে ‘প্রায় আড়াই কোটি টাকার’ ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
