ঈদযাত্রা: কুমিল্লার সড়ক-মহাসড়কে নেমেছেন ৩৪ নির্বাহী হাকিম
জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া না নেওয়ার জন্য চালকদের প্রতি অনুরোধ জানান।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ ও জেলার আঞ্চলিক সড়কে নেমেছেন ৩৪ নির্বাহী হাকিম। পাশাপাশি আছেন স্বেচ্ছাসেবী সংগঠন ও কমিউনিটি পুলিশ।
বৃহস্পতিবার ঢাকা-চ্ট্টগ্রাম মহাসড়ক পরিদর্শন শেষে বিকালে সাংবাদিকদের এসব কথা জানান জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
তিনি জানান, ঈদযাত্রায় ওই মহাসড়ক ও আঞ্চলিক সড়কে কোনো কারণে যেন যান চলাচল ব্যাহত না হয়; সেজন্য বেশি কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সেগুলো পর্যবেক্ষণে রাখতে বৃহস্পতিবার দিনব্যাপী যৌথ মহড়া দিয়েছে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চল, কুমিল্লা জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সড়ক বিভাগ।
দিনব্যাপী কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে শুরু করে পদুয়ার বাজার রেল ওভারপাস পর্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো পর্যবেক্ষণ করেন তারা।
এ সময় সড়কে চলাচলকারী পরিবহন যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলেন- জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হকসহ কর্মকর্তারা।
জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া না নেওয়ার জন্য চালকদের প্রতি অনুরোধ জানান।
পাশাপাশি উল্টো পথে গাড়ি চলাচল, যত্রতত্র পার্কিং, খেয়াল খুশি মত যাত্রী ওঠানামা না করানোর জন্যও চালকদের অনুরোধ করেন তারা।
পরে বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহড়ায় থাকা কর্মকর্তারা।
তখন জেলা প্রশাসক মুশফিকুর রহমান বলেন, “আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সমস্যাগুলো চিহ্নিত করেছি। ওই মহাসড়কসহ কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-চাঁদপুর সব সড়কেই পুলিশ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। অতিরিক্ত ভাড়া ও অবৈধ পার্কিং নিরসণে কাজ করবে মোবাইল কোর্ট।”
জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, শুধু যানজট নয়, যাত্রী ও চালকদের নিরাপত্তায় সচেষ্ট আছে পুলিশ। ছিনতাই বা ডাকাতির ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশের মোবাইল টিম টহলে আছে।
এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে পুরো মহাসড়ক পর্যবেক্ষণ হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বৃহস্পতিবার থেকে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে ২ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ সদস্যদের নিয়োজিত করা হয়েছে। হাইওয়ে পুলিশের পাশাপাশি মহাসড়কের ১৪টি পয়েন্টে জেলা পুলিশের টিম আছে।
তিনি বলেন, “এছাড়া কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-চাঁদপুর সড়কেও আমাদের টিম আছে। রাতের বেলা যাত্রীদের চলাচলের কথা মাথায় রেখে জেলা পুলিশের ১৪টি মোবাইল টিম কাজ করবে। এছাড়া হাইওয়ে পুলিশেরও অন্যান্য টিমসহ মোটরসাইকেল পেট্রোল টিম থাকবে।”
হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সামছুল হক বলেন, “যাত্রীদের ঈদযাত্রাকে হয়রানিমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোনো যাত্রী যদি চলার পথে সমস্যার সম্মুখীন হন তবে তিনি পুলিশ অ্যাপসের মাধ্যমে সহায়তা চাইতে পারবেন এবং সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছবে। আশা করছি, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির।”
এদিকে, ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক (ওসি) ইকবাল বাহার বলেন, “কুমিল্লার সড়ক-মহাসড়কে আজ থেকে নির্বাহী হাকিমদের মাঠে নামার কথা রয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের একটি তালিকা আমাদের দেওয়া হবে। সে তালিকা আমরা এখনও হাতে পাইনি।”
