রাকসু: প্রথম ৩ ঘণ্টায় ভোট পড়ল ২৫%
মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন; তাদের ১১ হাজার ৩০৫ নারী, আর পুরুষ ১৭ হাজার ৫৯৬ জন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রথম তিন ঘণ্টায় প্রায় ২৫ শতাংশের মত ভোট পড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সাড়ে তিন দশক পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সপ্তদশ রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা ১০টার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি বেড়েছে।
কেন্দ্রের সামনে আড্ডায়ও মেতেছেন শিক্ষার্থীরা। বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
দুপুর ১২টায় রাকসু কোষাধক্ষ্য অধ্যাপক সেতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম তিন ঘণ্টায় ২৫ শতাংশের মত ভোট হয়েছে। নির্বাচন সুষ্ঠভাবে হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছেন।”
এদিকে জুবেরী ভবনের সৈয়দ আমীর আলী হল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হারুনর রশীদ জানান, সেখানে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ শতাংশ ভোট পড়েছে। এ কেন্দ্রের ভোটা সংখ্যা ১২৩৩, এর মধ্যে ৪০২টি ভোট পড়েছে।
আর সেখানে শাহ মখদুম হল কেন্দ্রে একই সময়ে প্রায় ৬০০ ভোট পড়ার তথ্য দিয়েছেন প্রিজাইডিং অফিসার অধ্যাপক সৈয়দ সরোয়ার জাহান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এভাবে ভোট পড়তে থাকলে; আমরা ধরে নিতে পারি ৪টার মধ্যে ৭০ শতাংশ ভোট কাস্ট হতে পারে।”
এ কেন্দ্রে ১৪০৯ জন ভোটার রয়েছে।
নির্বাচন কমিশনার অধ্যাপক পারভেজ আজহারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হচ্ছে। কোথাও কোনো সমস্যা হয়নি। প্রথম তিন ঘণ্টার একটা পরিসংখ্যান আমাদের কাছে এসেছে। ভোটগ্রহণ সন্তোষজনক।”
>> সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে
>> ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে
>> মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন; তাদের ১১ হাজার ৩০৫ নারী, আর পুরুষ ১৭ হাজার ৫৯৬ জন
>> রাকসুর ২৩টি পদে মোট প্রার্থী ৩০৫ জন
>> ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী হয়েছেন
>> সিনেটে পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন
>> বিশ্ববিদ্যালয়ের ২১২ জন শিক্ষক ও কর্মকর্তা প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন
ভোট কীভাবে
নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ জানান, একজন প্রার্থী নির্দিষ্ট কেন্দ্রে ঢুকে পোলিং কর্মকর্তার কাছে সই করে ছয়টি ব্যালট পেপার পাবেন। এসব ব্যালট গোপন বুথে নিয়ে তা পূরণ করে স্বচ্ছ বাক্সে জমা দিতে হবে।
প্রথম ব্যালট পেপারে থাকছে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থীর তালিকা।
দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যালটে আছে বিভিন্ন সম্পাদকীয় পদপ্রার্থীদের নাম। পঞ্চম ব্যালটে থাকছে সিনেটে ছাত্র প্রতিনিধি পদপ্রার্থীদের নাম। আর ষষ্ঠ ব্যালটে থাকছে হল সংসদের প্রার্থীদের নাম।
আরও পড়ুন:
