২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মা-মেয়ে খুন: ৩ সহোদর গ্রেপ্তার

পুলিশ সুপার বলেন, “গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারলে হত্যাকাণ্ডের রহস্য শিগগির বেরিয়ে আসবে।”

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 08:05 PM

Updated : 12 Aug 2023, 08:05 PM

বাগেরহাটের শরণখোলায় ধারাল অস্ত্রের আঘাতে মা ও মেয়ে খুনের ঘটনায় তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান তাদের গ্রেপ্তার করা হয় বলে বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান।

গ্রেপ্তাররা হলেন: উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের আব্দুস সামাদ হাওলাদারের তিন ছেলে মনির হাওলাদার (৪৫), নেহারুল হাওলাদার (৪৮) এবং মিলন হাওলাদার (৪০)।

গ্রেপ্তাররা সবাই মামলার এজাহারনামীয় আসামি; থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানান।

শুক্রবার সন্ধ্যায় বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আবু জাফরের বাড়িতে একদল অস্ত্রধারী ঢুকে তার স্ত্রী পাপিয়া আক্তার (৩৮) ও পাঁচ বছর বয়সি মেয়ে ছাওদা জেনিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

ঘটনার পর থেকে আবু জাফরকে পাওয়া যাচ্ছে না। শনিবার বিকালে নিহত পাপিয়ার ভাই ইকরাম হোসেন বাদী হয়ে তার ভগ্নিপতি আবু জাফরসহ আটজনের নামে শরণখোলা থানায় হত্যা মামলা করেন।

বাগেরহাটের পুলিশ সুপার আরিফুল আরও বলেন, “পারিবারিক দ্বন্দ্ব থেকে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারলে হত্যাকাণ্ডের রহস্য শিগগির বেরিয়ে আসবে বলে আশা করছি।”

এদিকে, শনিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর দুই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আরও পড়ুন:

পুরনো খবর:

বাগেরহাটে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা